তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* রচনামূলক প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কী ধরনের সুবিধা পাওয়া যায় লেখো।
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধা নিচে দেওয়া হলো:
১. কম সময়ে বেশি কাজ করা যায়। এতে ব্যবসার খরচ কমে।
২. মজুত নিয়ন্ত্রণ করা যায়। বিশেষায়িত সফটওয়্যার ব্যবহার করে প্রয়োজনীয় মজুতের হালনাগাদ তথ্য জানা যায়। ফলে সেই অনুযায়ী উত্পাদনের ব্যবস্থা করা যায়।

৩. উত্পাদনে তথ্যপ্রযুক্তি নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে কম সময়ে বেশি উত্পাদন করা যায়।
৪. কর্মী ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ উত্পাদনে গতিশীলতা আনে।
৫. ই-মেইল ব্যবস্থার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত যোগাযোগ করা যায়।
৬. ইন্টারনেটের মাধ্যমে পণ্যের খবর বিভিন্ন ওয়েবসাইটে, সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে দেওয়া যায়। এতে পণ্যের প্রচার বেড়ে যায়।
৭. মোবাইল ফোনের মাধ্যমে মৌখিক যোগাযোগ ও ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা পাওয়া যায়।
৮. ঘরে বসেই অফিসের অনেক কাজ করা যায়।

প্রশ্ন: যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই সময়ে সবচেয়ে যুগান্তকারী পরিবর্তন হচ্ছে যোগাযোগ। প্রাচীনকালে যোগাযোগের মাধ্যম ছিল ঘোড়া, হেঁটে বা বিভিন্ন পোষা প্রাণীর মাধ্যমে। বর্তমানে যোগাযোগব্যবস্থা মানুষের হাতের মুঠোয়, যাকে গ্লোবাল ভিলেজ বলা হয়। যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে-
টেলিফোন: টেলিফোন আবিষ্কারের ফলে যোগাযোগব্যবস্থা অনেক সহজ হয়। যার ফলে যেকোনো ব্যক্তির সঙ্গে সহজেই যোগাযোগ করা যায়।
মোবাইল ফোন: মোবাইল ফোন আবিষ্কারের ফলে যোগাযোগের ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন এসেছে। যেকোনো ব্যক্তি যেকোনো জায়গায় বসে পৃথিবীর যেকোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারছেন। মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কলও করা যায়। এ ছাড়া ই-মেইল, চ্যাট ও ফেসবুক ব্যবহার করে সহজে যোগাযোগ রক্ষা করা যাচ্ছে।
কম্পিউটার: কম্পিউটার আবিষ্কারের ফলে যোগাযোগব্যবস্থার অমূল পরিবর্তন সাধিত হয়, যেমন-ই-মেইল, ভিডিও চ্যাটিং, স্কাইপি, সামাজিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যোগাযোগ সহজতর হয়েছে। শেষে বলা যায়, যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান অনেক বেশি।

প্রশ্ন: আউটসোর্সিংয়ের বর্ণনা দাও। ঘরে বসে আয় করার জন্য কী ধরনের যোগ্যতা দরকার?
উত্তর: বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ যেমন-ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন, বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফটওয়্যার তৈরি ইত্যাদি কাজ অন্য কোনো একটি প্রতিষ্ঠান বা ব্যক্তিগোষ্ঠী দ্বারা পারিশ্রমিকের বিনিময়ে সম্পন্ন করিয়ে নিয়ে থাকে, যাকে বলা হয় আউটসোর্সিং। অর্থাত্ ঘরে বসেই বিশ্বের দেশগুলোর জন্য কাজ করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। ঘরে বসে আয় করার জন্য যেসব যোগ্যতা থাকতে হবে—
১. সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে
২. ভাষার ওপর দক্ষতা থাকতে হবে।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা