তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোন কোন ক্ষেত্রে ব্যবহূত হচ্ছে—বর্ণনা দাও।

উত্তর: বর্তমানে বাংলাদেশে বিভিন্ন নাগরিক কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। এখানে কয়েকটি ক্ষেত্রে আইসিটির ভূমিকা সম্পর্কে উল্লেখ করা হলো:

১. ওয়েবসাইট ও পোর্টালের মাধ্যমে সব তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়।

২. জমিজমার বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য, বিভিন্ন জমির দলিলের জন্য আবেদন করা এবং অনুলিপি সংগ্রহের জন্য ই-পর্চার ব্যবস্থা রয়েছে।

৩. কৃষকেরা ই-পুর্জি মোবাইলের মাধ্যমে পেয়ে যথাসময়ে চিনিকলে ইক্ষু সরবরাহ করতে পারেন।

৪. পাবলিক পরীক্ষার ফল এখন অনলাইন, ওয়েবসাইটে ও মোবাইল ফোনে পাওয়া যায়।

৫. অনলাইনে পাঠ্যপুস্তক প্রাপ্তি এবং পড়ার জন্য ই-বুক ব্যবহূত হয়।

৬. ই-স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চিকিত্সা প্রদানে মোবাইলভিত্তিক টেলিমেডিসিন সেবা চালু হয়েছে।

৭. অনলাইন আয়কর রিটার্ন প্রস্তুত করা যায়।

৮. পোস্টাল ক্যাশ কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক মানি হস্তান্তরের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ দ্রুত ও সহজ হয়েছে।

৯. বর্তমানে বিদ্যুত্, পানি ও গ্যাসের বিল অনলাইনে বা মোবাইল পরিষেবার বিল পরিশোধ করা যায়।

১০. ট্রেন বা বিমানের টিকিটও বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে কেনা যায়।

প্রশ্ন: ই-বুক, ই-পর্চা ও ই-পুর্জির বর্ণনা দাও।

উত্তর: ই-বুক: ই-বুকের পুরো নাম হলো ইলেকট্রনিক বুক। কাগজে ছাপা বইয়ের ডিজিটাল ভার্সন হলো ই-বুক। কম্পিউটার ও ই-বুক রিডারের মাধ্যমে ই-বুক পড়া যায়। এটি খুব সুবিধাজনক ও ঝামেলামুক্ত। বাংলাদেশে বর্তমানে এর ব্যবহার বাড়তে শুরু করেছে। দেশের পাঠ্যপুস্তক অনলাইনে সহজে পাওয়ার জন্য সরকারিভাবে একটি ই-বুক প্ল্যাটফর্ম রয়েছে। যার ঠিকানা www.ebook.gov.bd। এতে ৩০০টি পাঠ্যপুস্তক ও ১০০টি সহায়ক পুস্তক রয়েছে।

ই-পর্চা: ই-পর্চা এমন একটি সেবাপ্রক্রিয়া, যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে জনগণকে জমিজমা-সংক্রান্ত সেবা প্রদান করা হয়। আগে জমিজমার রেকর্ড সংগ্রহের জন্য জমির মালিকেরা অনেক হয়রানির শিকার হতেন। বর্তমানে দেশের ৬৪টি জেলায় ই-সেবাকেন্দ্র থেকে এই দলিল সহজে সংগ্রহ করা যায়। এ জন্য অনলাইনে আবেদন করে আবেদনকারী জমিজমা-সংক্রান্ত বিভিন্ন দলিল যেমন: এসএ, সিএস,

বিএস, বিআরএসের নকল/ পর্চা/ খতিয়ান কিংবা সত্যায়িত অনুলিপি সংগ্রহ করা যায়। 

ই-পুর্জি: ই-পুর্জি হলো চিনিকলের পুর্জি অর্থাত্ ইক্ষু সরবরাহের অনুমতিপত্রকে ই-পুর্জি বুঝায়। আগে ইক্ষুচাষিদের এটা সংগ্রহ করতে অনেক হয়রানি হতে হতো। কিন্তু বর্তমানে ই-পুর্জি সেবা চালু হওয়ায় কৃষকেরা ঘরে বসে মোবাইল ফোনেই তাঁদের পুর্জি সংগ্রহ করছেন।

ফলে সব ধরনের হয়রানি বন্ধ  হয়েছে এবং ইক্ষু সরবরাহও সহজে

করতে পারছেন।

প্রশ্ন: গবেষণায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান বর্ণনা করো।        

উত্তর: গবেষণায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান বর্ণনা করা হলো:

বিজ্ঞান ও প্রযুক্তি: বিজ্ঞান ও প্রযুক্তির নানা ধরনের উত্কর্ষসাধনে গবেষণার প্রয়োজন। সাহিত্য, শিল্প, সমাজবিজ্ঞান, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি যা নিয়েই গবেষণা করা হোক না কেন, বর্তমানে তথ্যপ্রযুক্তি ছাড়া চিন্তাই করা যায় না।

তথ্য প্রক্রিয়াজাতকরণে: গবেষণার জন্য প্রয়োজন নানা ধরনের তথ্য। আর এসব তথ্য সংগ্রহ করতে হয়, প্রক্রিয়াজাত করতে হয়, বিশ্লেষণ করতে হয় এবং গবেষণা শেষে তথ্যকে সুন্দরভাবে উপস্থাপন করতে হয়। আগে মানুষকে এসব কাজ দৈহিক পরিশ্রম করে করতে হতো, বর্তমানে কম্পিউটার থাকার কারণে এগুলো সহজে সুন্দরভাবে করা যায়।

তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণা: তাত্ত্বিক গবেষণাতে গবেষকেরা একটা বিষয়ের তাত্ত্বিক অংশ নিয়ে চিন্তাভাবনা করেন এবং সে জন্য তাঁদের কম্পিউটারের ওপর নির্ভর করতে হয়। ল্যাবরেটরিতে ব্যবহারিক গবেষণা নানা রকম যন্ত্রপাতি ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়।

মাস্টার ট্রেইনার, প্রভাষক

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা