তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: টপোলজি এবং বাস টপোলজি কী? বাস টপোলজি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো লেখো।
উত্তর: টপোলজি: কম্পিউটার নেটওয়ার্কে অনেক কম্পিউটার একসঙ্গে জুড়ে দেওয়া হয়, যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি।
এ ধরনের টপোলজিতে কম্পিউটার কেব্ল বা ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইস দ্বারা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। নেটওয়ার্কে প্রতি জোড়া স্টেশনের মধ্যে কোন পথে ডেটা চলাচল করবে, নেটওয়ার্ক টপোলজি তা নির্ধারণ করে।
নেটওয়ার্ক টপোলজি বিভিন্ন ধরনের হয়। যেমন:
১. বাস টপোলজি ২. রিং টপোলজি
৩. স্টার টপোলজি ৪. ট্রি টপোলজি ৫. মেশ টপোলজি।
বাস টপোলজি: যে টপোলজিতে একটি মূল তারের সঙ্গে সব কটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে, তাকে বাস টপোলজি বলে। এর মূল কেব্লকে ব্যাকবোন বলে। প্রতিটি কম্পিউটার মূল বাসের সঙ্গে সংযুক্ত থাকে।
বাস টপোলজির সুবিধা ও অসুবিধাগুলো নিচে দেওয়া হলো:
সুবিধা
১. বাস টপোলজি সহজ-সরল।
২. কম তারের প্রয়োজন হয়।
৩. খরচ কম হয়।
৪. বাস টপোলজি সম্প্রসারণ করা সম্ভব।
৫. কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারগুলো স্বাভাবিকভাবে কাজ করতে পারে।
অসুবিধা
১. বাস টপোলজির ডেটা চলাচলের গতি কম।
২. ব্যাকবোন তারটি নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
৩. এ ধরনের নেটওয়ার্কের ত্রুটি নির্ণয় করা বেশ জটিল।
৪. একসঙ্গে একই সময়ে বেশি ডেটা আদান-প্রদানে সময় বেশি লাগে।
প্রশ্ন: রিং টপোলজি কী? এই টপোলজি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো লেখো।
উত্তর: রিং টপোলজি: রিং টপোলজিতে একটি কম্পিউটার অপর একটি কম্পিউটারের সঙ্গে এমনভাবে যুক্ত থাকে, যা দেখতে অনেকটা রিঙের মতো। তাই এর নামকরণ হয়েছে রিং টপোলজি।
এ ক্ষেত্রে কম্পিউটারগুলোকে এমনভাবে সংযুক্ত করা হয়, যাতে সর্বশেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে। রিং টপোলজির সুবিধা ও অসুবিধাগুলো নিচে দেওয়া হলো:
সুবিধা
১. রিং টপোলজিতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন
হয় না।
২. নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়ালেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না।
অসুবিধা
১. রিং টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
২. ডেটা চলাচলের গতি কম এবং যেকোনো সমস্যা সমাধান করা বেশ জটিল।
৩. নতুন কম্পিউটারে সংযোগ দেওয়ার প্রয়োজন হলে আগের সিস্টেম ভেঙে নতুনভাবে তৈরি করতে হয়। ফলে খরচ বেশি হয়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা