রচনামূলক প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: তথ্য অধিকার এবং আইনে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কেন?
উত্তর: তথ্য অধিকার এবং আইনে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো—
১. কর্তৃপক্ষের গঠনকাঠামো এবং দাপ্তরিক কর্মকাণ্ডসংক্রান্ত যেকোনো স্মারক।
২. বই, নকশা, মানচিত্র, চুক্তি, তথ্য-উপাত্ত, লগবই, আদেশপত্র।
৩. বিজ্ঞপ্তি ও প্রতিবেদন।
৪. দলিল, নমুনাপত্র।
৫. হিসাব বিবরণী।
৬. প্রকল্প প্রস্তাব।
৭. আলোকচিত্র ও অঙ্কিতচিত্র।
৮. অডিও, ভিডিও ও ফিল্ম।
৯. ইলেকট্রনিক-প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যেকোনো যন্ত্রাংশ।
১০. যান্ত্রিকভাবে পাঠকৃত দলিলাদি এবং ভৌতিক গঠন ও বৈশিষ্ট্য-নির্বিশেষে অন্য যেকোনো তথ্যবহ বস্তু বা এদের প্রতিলিপি।
ব্যক্তিপ্রতিষ্ঠান, সরকারি বা বেসরকারি সংস্থা প্রতিনিয়ত বিভিন্ন তথ্য সৃষ্টি করে। রাষ্ট্রীয় কার্যাবলির সঙ্গে সম্পৃক্ত এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ এসব তথ্য জানা জনগণের অধিকার। তথ্য অধিকার আইনে যে তথ্যগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, সে সম্পর্কে না জানলে জনগণ তাদের দায়িত্ব, রাষ্ট্রীয় নিয়মনীতি, সরকারি কর্মকাণ্ড, রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারবে না। এসব আইন না মানলে যে কেউ শাস্তি পেতে বাধ্য থাকে। বিশ্বের দেশে দেশে এই আইনের আওতায় প্রতিটি প্রতিষ্ঠান তাদের তথ্যসমূহ প্রকাশ করতে বাধ্য থাকে। তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তিকে ব্যক্তির চিন্তা, বিবেক ও বাক্স্বাধীনতার পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করা হয়।
প্রশ্ন: দুর্নীতি নিরসনে তথ্যপ্রযুক্তির ব্যবহার লেখো।
উত্তর: দুর্নীতি নিরসনে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিচে দেওয়া হলো—
১. বর্তমানে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়া করার জন্য পুরো পদ্ধতিকেই তথ্যপ্রযুক্তির আওতায় আনতে হয়েছে। তাই কোনো তথ্য ভুল হলে বা লেনদেনে অনিয়ম হলে তা সহজেই সবার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে।
২. টেন্ডার-প্রক্রিয়াটি আগে লিখিতভাবে হতো, কিন্তু বর্তমানে ই-টেন্ডারিংয়ের মাধ্যমে প্রক্রিয়াটি চালুর ফলে টেন্ডার চুরির ঘটনা কমে যাচ্ছে। বাংলাদেশে ই-টেন্ডার করার জন্য বিশেষ পোর্টাল তৈরি হয়েছে।
৩. ই-কমার্স-প্রক্রিয়ায় ব্যবসা-বাণিজ্য হওয়ার কারণে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি সম্পর্ক তৈরি হয়েছে, যাতে করে মধ্যভোগী অসত্ লোকেরা কোনো সুযোগ গ্রহণ করতে পারছে না।
৪. পরীক্ষার ফলাফল দেখার ক্ষেত্রে ওএমআর পদ্ধতি ব্যবহার করায় দুর্নীতির কোনো সুযোগ থাকছে না।
৫. ইন্টারনেট ও মিডিয়ার কারণে ক্ষমতাশীল মানুষের বিরুদ্ধে, তাদের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে, মানুষের মতামত প্রদানের এবং একত্র হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে কেউ চাইলেই দুর্নীতি করতে পারবে না।
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা