তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে সহজে হিসাব করা যায়
মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে সহজে হিসাব করা যায়

* রচনামূলক প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৪ থেকে রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: স্প্রেডশিট কী? কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রামের নাম লেখো।
উত্তর: স্প্রেডশিট: স্প্রেডশিট শব্দটির আভিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। সারি ও কলামের ব্যবচ্ছেদে তৈরি ছোট ছোট আয়তাকার ঘরের সমন্বয়ে স্প্রেডশিট গঠিত। স্প্রেডশিটের এই ঘরগুলোতে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট নিয়মে সংখ্যা বসিয়ে হিসাবের কাজ করা যায়।
সাধারণত LOTUS, Excel প্রভৃতি সফটওয়্যারকে স্প্রেডশিট সফটওয়্যার বলে। স্প্রেডশিট বা ওয়ার্কশিট হচ্ছে Excel প্রোগ্রামের প্রধান অংশ। কম্পিউটারে Excel প্রোগ্রামটি চালু করা হলে যে স্ক্রিনটি পাওয়া যায়, সেটাই স্প্রেডশিট বা ওয়ার্কশিট। ওয়ার্কশিটের কেবল একটি ক্ষুদ্র অংশ মনিটরে দেখা যায়। সম্পূর্ণ ওয়ার্কশিটটি একত্রে দেখা যায় না। প্রয়োজনীয় অংশটি মনিটরে Arrow Key দ্বারা ডানে, বাঁয়ে, ওপরে ও নিচে দেখা যায়।

জনপ্রিয় কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রামের নাম হলো Lotus 1-2-3, MS- Excel, Quattro pro, Visi Cale, প্রভৃতি।

প্রশ্ন: স্প্রেডশিট প্রোগ্রামের ব্যবহার লেখো।
উত্তর: স্প্রেডশিট প্রোগ্রামের ব্যবহার অনেক। তার মধ্যে বেশি ব্যবহূত হয় এমন কয়েকটি উল্লেখ করা হলো:
১. সব ধরনের ব্যবসার হিসাব সংরক্ষণের যাবতীয় কাজ সম্পাদনে।
২. সব হিসাবের তথ্যাবলি সংরক্ষণ ও মান যাচাই করা।
৩. যাবতীয় পরিসংখ্যান, বাজেট প্রণয়ন, আয়-ব্যয়ের হিসাব, উত্পাদন
ব্যবস্থাপনা ইত্যাদি।
৪. কোনো তথ্য বা ডেটা উচ্চ বা নিম্ন ক্রমানুসারে সাজানো।
৫. কোনো তথ্য খুঁজে বের করা।
৬. প্রতিবেদন তৈরি করা।
৭. আর্থিক, গাণিতিক, সময় ও তারিখ, লজিক্যাল ইত্যাদি ফাংশনের ব্যবহার।
৮. কোনো তথ্যাবলিকে বিভিন্ন রকম গ্রাফের মাধ্যমে উপস্থাপন।
প্রশ্ন: মাইক্রোসফট এক্সেলের ব্যবহারিক ক্ষেত্রগুলো লেখো।
উত্তর: মাইক্রোসফট এক্সেল এমন একটি সফটওয়্যার, যার সাহায্যে ব্যবসায়ের বিভিন্ন হিসাব-নিকাশ সংরক্ষণ ও প্রয়োগ করা হয়।
মাইক্রোসফট এক্সেলের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো—
১. দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ।
২. বার্ষিক হিসাবের ক্যালেন্ডার তৈরি করা।
৩. ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ সম্পন্ন করা।
৪. বার্ষিক প্রতিবেদন ও বাজেট প্রণয়ন।
৫. ব্যাংকিং ব্যবস্থাপনায় যাবতীয় হিসাববিষয়ক বিশ্লেষণ।
৬. আয়কর ও অন্যান্য হিসাব তৈরি করা।
৭. বেতনের হিসাব তৈরি করা।

প্রশ্ন: স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্যগুলো কী কী?
উত্তর: বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। আর স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে কাজটি সহজ ও সুন্দরভাবে করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্যগুলো হলো:
১. দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ করা।
২. হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পাদন করা।
৩. সময় অপচয় রোধ করা।
৪. প্রতিবেদন তৈরি করা।
৫. ব্যবসায়িক বা গবেষণায় প্রাপ্ত ডেটাকে বোধগম্যভাবে উপস্থাপন করা।
৬. তথ্য সংরক্ষণ করা।
৭. সব ধরনের আর্থিক ব্যবস্থাপনা করা।
৮. তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা।
৯. উত্পাদন ব্যবস্থাপনা করা।
১০. বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করা।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মাস্টার ট্রেইনার, প্রভাষক

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা