তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৪ থেকে রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: স্প্রেডশিট প্রোগ্রাম চালু করার নিয়ম লেখো।
উত্তর: স্প্রেডশিট প্রোগ্রাম চালু করার নিয়ম:
1. Status Bar-এর Start বাটনে ক্লিক করে সকল প্রোগ্রাম অপশন নির্বাচন করতে হবে।
2. সকল প্রোগ্রাম থেকে Microsoft Excel 2007 সিলেক্ট করে তার ওপর ক্লিক করলেই স্প্রেডশিট প্রোগ্রাম চালু হয়ে যাবে।

প্রশ্ন: স্প্রেডশিট ব্যবহারের কৌশল লেখো।
উত্তর: স্প্রেডশিট হলো একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম, যার অর্থ ছড়ানো পাতা। এ প্রোগ্রামে গ্রাফ কাগজের মতো X-অক্ষ ও Y-অক্ষ বরাবর খোপ খোপ অনেক ঘর থাকে। স্প্রেডশিটের ওয়ার্কশিটে গ্রিড থাকে যেখানে X অক্ষ বরাবর সারি এবং Y অক্ষ বরাবর কলাম আকারে থাকে। প্রতিটি কলামের শিরোনাম একটি ইংরেজি বর্ণ দিয়ে (যেমন A, B, C, ...) এবং প্রতিটি সারি সংখ্যা (যেমন 1, 2, 3, …) দিয়ে চিহ্নিত করা থাকে। এর মাধ্যমে গ্রিডের প্রতিটি সেলের ঠিকানা সুনির্দিষ্ট থাকে। যেমন: A10 দিয়ে A মানে A Column এবং 10 দিয়ে ১০ নম্বর সারি বোঝায়। কিবোর্ডের অ্যারো কি ব্যবহার করে কার্সরকে ওয়ার্কশিটের যেকোনো সেলে নেওয়া যায়। বাম কি দিয়ে বাম দিকে, ডান কি দিয়ে ডান দিকে, Upper key দিয়ে ওপরের দিকে এবং Lower key চেপে নিচের দিকে নেওয়া যায়। এ ছাড়া ট্যাব বা Enter key চেপেও কার্সরকে বিভিন্ন সেলে নেওয়া যায়। মাউসে ক্লিক করে কার্সরকে বিভিন্ন সেলে নেওয়া যায়। মাউস দ্বারা একাধিক সেলকে একসঙ্গে সিলেক্ট করা যায়।

প্রশ্ন: টাইটেল বার, অফিস বাটন, স্ট্যাটাস বার, শিট ট্যাব, সেল, কলাম, সারি ও সেলের অ্যাড্রেস বর্ণনা দাও।
উত্তর: টাইটেল বার: Microsoft Excel 2007 প্রোগ্রামের একেবারে ওপরে যে বারটি থাকে, তাকে টাইটেল বার বলে। টাইটেল বারে ওয়ার্ক বুকের শিরোনাম লেখা থাকে।
অফিস বাটন: এক্সেল উইন্ডোর ওপরের বাম দিকের কোনায় যে বাটনটি দেখা যায় সেটি হলো অফিস বাটন।
স্ট্যাটাস বার: ওয়ার্কশিটের নিচের দিকে স্ট্যাটাস বার দেখা যায়। বিভিন্ন কাজের সময় তাত্ক্ষণিক অবস্থা এ বারে দেখা যায়।
শিট ট্যাব: একটি ওয়ার্কবুকে যতগুলো ওয়ার্কশিট থাকে, শিট ট্যাবে সেগুলো দেখা যায়। বিভিন্ন শিটের মধ্যে আসা-যাওয়া করার জন্য শিট ট্যাব ব্যবহার করা হয়।
সেল: কলাম ও সারির মিলিত স্থানকে এক একটি সেল বলে। 16384টি কলাম ও 1048576টি সারি গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তা সংখ্যায় হবে সেল।
কলাম: কলাম হচ্ছে ওপর থেকে নিচের দিকে আসা ঘরের সমষ্টি। প্রতিটি কলামকে একটি করে ইংরেজি বর্ণ দিয়ে চিহ্নিত করা থাকে। যেমন: A, B, C, D, .., XFD পর্যন্ত 16384টি কলাম আছে।
সারি: সারি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে চলে যাওয়া ঘরের সমষ্টি। প্রতিটি সারিকে ইংরেজি 1, 2, 3, 4 ইত্যাদি দিয়ে চিহ্নিত করা থাকে। মোট সারির সংখ্যা 1048576টি।
সেলের অ্যাড্রেস: কলাম ও সারির সংযোগ স্থানে অবস্থিত ঘরটিকে ওই ঘরের অবস্থান হিসেবে উল্লেখ করা হয়। যেমন A কলামের 5 নম্বর সারির সংযোগ স্থানে অবস্থিত ঘরটি হচ্ছে A5, তেমনি B কলামের 15 নম্বর সারির সংযোগ স্থানে অবস্থিত ঘরটি হচ্ছে B15।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা