সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-১ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
অধ্যায়-১
প্রশ্ন: যোগাযোগ করার পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ বর্ণনা দাও।
উত্তর: যোগাযোগ করার পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো: ১. একমুখী পদ্ধতি, ২. দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি
নিচে এ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো:
১. একমুখী পদ্ধতি: এ পদ্ধতিতে যোগাযোগ হয় এক পক্ষ থেকে। যখন একজন বা একটি প্রতিষ্ঠান ‘একমুখী’ পদ্ধতিতে অনেকের সঙ্গে যোগাযোগ করে, সেটিকে একমুখী পদ্ধতি বা ইংরেজিতে ব্রডকাস্ট বলে।
উদাহরণ: রেডিও বা টেলিভিশন হলো একমুখী পদ্ধতির সবচেয়ে বড় উদাহরণ। এ প্রক্রিয়ায় যখন কোনো অনুষ্ঠান প্রচার করা হয়, তখন তা সবার জন্য প্রচার করা হয় এটি ব্রডকাস্ট পদ্ধতি। এ ক্ষেত্রে যাদের জন্য অনুষ্ঠান প্রচার করা হয়, তারা পাল্টা যোগাযোগ করতে পারে না বলে এটি একমুখী পদ্ধতি।
২. দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি: দ্বিমুখী পদ্ধতিতে যোগাযোগ হয় দুই পক্ষ থেকে। এ ক্ষেত্রে দুই পক্ষেরই যোগাযোগ করার সুযোগ তৈরি হয়। উদাহরণ: এ প্রক্রিয়ার সবচেয়ে ভালো উদাহরণ হলো টেলিফোন, মোবাইল। কেননা এগুলোর মাধ্যমে দুজন একই সঙ্গে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এটি সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নের জন্য।
প্রশ্ন: সরকারি কর্মকাণ্ডে আইসিটির পাঁচটি প্রয়োগক্ষেত্রের পরিচয় দাও।
উত্তর: সরকারি কর্মকাণ্ডে আইসিটির ৫টি প্রয়োগক্ষেত্র সম্পর্কে নিচে বর্ণনা করা হলো:
১. সরকারি বিভিন্ন তথ্যাদি যেমন নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ, বিভিন্ন দিকনির্দেশনা, দরপত্র, নিয়মকানুন এখন ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
২. আইন ও নীতিমালা প্রণয়ন এবং সংশোধন সম্পর্কে জনগণের মতামত জানতে ইন্টারনেট ব্যবহৃত হয়।
৩. সরকারি কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা বা কোনো দিবস যেমন টিকা দিবস বা টিকা প্রদান সম্পর্কে মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়।
৪. দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে কল সেন্টার থেকে কল করা কিংবা ই-মেইলের মাধ্যমে জনসাধারণের মতামত নেওয়া হয়।
৫. জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহৃত হয়। এ জন্য মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের সাহায্য নেওয়া হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা