সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-১ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
প্রশ্ন: ই-বুক, ই-পর্চা ও ই-পুর্জির বর্ণনা দাও।
উত্তর:
ই-বুক: ই-বুকের পূর্ণনাম হলো ইলেকট্রনিক বুক। সংক্ষেপে বললে, কাগজে প্রিন্ট করা বইয়ের ডিজিটাল ভার্সন হলো ই-বুক। কম্পিউটার ও ই-বুক রিডারের মাধ্যমে ই-বুক পড়া যায়। এটি অত্যন্ত সুবিধাজনক এবং ঝামেলামুক্ত। উন্নত দেশগুলোতে ই-বুক ব্যাপক আকারে প্রচলিত থাকলেও আমাদের দেশে এর ব্যবহার সর্বসাধারণ পর্যায়ে এখনো তেমন পৌঁছায়নি। আমাদের দেশের পাঠ্যপুস্তক অনলাইনে সহজে পাওয়ার জন্য সরকারিভাবে একটি ই-বুক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যার ঠিকানা www.ebook.gov.bd। এতে ৩০০টি পাঠ্যপুস্তক ও ১০০টি সহায়ক পুস্তক রয়েছে।
ই-পর্চা: ই-পর্চা এমন একটি সেবা প্রক্রিয়া যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে জনগণকে জমি-জমা সংক্রান্ত সেবা প্রদান করা হয়। পূর্বে জমিজমার রেকর্ড সংগ্রহের জন্য জমির মালিকেরা অনেক হয়রানির শিকার হতো। কিন্তু তথ্যপ্রযুক্তির কল্যাণে বর্তমানে দেশের ৬৪টি জেলায় ই-সেবা কেন্দ্র থেকে এই দলিল সহজে সংগ্রহ করা যায়। এ জন্য অনলাইনে আবেদন করে আবেদনকারী জমিজমা-সংক্রান্ত বিভিন্ন দলিল যেমন সিএস, এসএ, বিএস, বিআরএসের নকল/পর্চা/খতিয়ান কিংবা সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে পারে।
ই-পুর্জি: ই-পুর্জি হলো চিনিকলের পুর্জি অর্থাৎ ইক্ষু সরবরাহের অনুমতিপত্রকে ই-পুর্জি বোঝায়। পূর্বে ইক্ষুচাষিদের এটা সংগ্রহ করতে অনেক হয়রানির সম্মুখীন হতে হতো। কিন্তু বর্তমানে ই-পুর্জি সেবা চালু হওয়ার কারণে কৃষকেরা ঘরে বসে মোবাইল ফোনেই তাঁদের পুর্জি সংগ্রহ করতে পারছেন। ফলে সব ধরনের হয়রানির অবসান হওয়ার পাশাপাশি কৃষক তাঁদের ইক্ষু সরবরাহও উন্নত করতে পেরেছেন।
প্রশ্ন: সরকারি কর্মকাণ্ডে আইসিটির ভূমিকা সম্পর্কে লেখো।
উত্তর: বর্তমানে বাংলাদেশে বিভিন্ন নাগরিক কর্মকাণ্ডে আইসিটির গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। এখানে কয়েকটি ক্ষেত্রে আইসিটির ভূমিকা সম্পর্কে উল্লেখ করা হলো:
১. ওয়েবসাইট ও পোর্টালের মাধ্যমে সব তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়।
২. জমিজমার বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য বিভিন্ন জমির দলিলের জন্য আবেদন করা এবং অনুলিপি সংগ্রহের জন্য ই-পর্চা ব্যবস্থা রয়েছে।
৩. কৃষকেরা ই-পুর্জি মোবাইলের মাধ্যমে পেয়ে যথাসময়ে চিনিকলে ইক্ষু সরবরাহ করতে পারেন।
৪. পাবলিক পরীক্ষার ফলাফল এখন অনলাইন ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে পাওয়া যায়।
৫. অনলাইনে পাঠ্যপুস্তক প্রাপ্তি এবং পড়ার জন্য ই-বুক ব্যবহৃত হয়।
৬. ই-স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চিকিৎসা প্রদানে মোবাইলভিত্তিক টেলিমেডিসিন-সেবা চালু হয়েছে।
৭. অনলাইন আয়কর রিটার্ন প্রস্ত্তত করা যায়।
৮. পোস্টাল ক্যাশ কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক মানি হস্তান্তরের মাধ্যমে বর্তমানে দেশে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ দ্রুত ও সহজ হয়েছে।
৯. বর্তমানে বিদ্যুৎ, পানি ও গ্যাসের বিল অনলাইনে বা মোবাইল পরিসেবার বিল পরিশোধ করা যায়।
১০. ট্রেন বা বিমানের টিকিটও বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে করা যায়।
তথ্যপ্রযুক্তির কল্যাণে এবং বিভিন্ন নাগরিক কর্মকাণ্ডে আইসিটির ব্যবহারের কারণে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজ হয়ে গিয়েছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা