সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ (কম্পিউটার নেটওয়ার্ক) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
প্রশ্ন: বাস্তব উদাহরণসহ একটি বাস টপোলজির বিবরণ দাও।
উত্তর: বাস টপোলজিতে একটি মূল তারের সঙ্গে সব কটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে। একে অনেক সময় লিনিয়ার টপোলজিও বলা হয়। এর মূল কেব্লকে ব্যাকবোন বলে। প্রতিটি কম্পিউটার মূল বাসের সঙ্গে সংযুক্ত থাকে।
বাস টপোলজিতে মূল তারের ভেতর দিয়েই উভয় দিকে তথ্য প্রবাহিত হয়। এ ক্ষেত্রে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারগুলোতে স্বাভাবিকভাবে কাজ করতে পারে। যেমন একটি স্কুলে ১০টি কম্পিউটারের সমন্বয়ে একটি বাস নেটওয়ার্ক টপোলজি তৈরি করা হবে। যেখানে একটি মূল তারের সঙ্গে ওই ১০টি কম্পিউটার যোগ করতে হবে, যার মধ্য দিয়ে নেটওয়ার্কে তথ্য প্রবাহিত হবে। এ ১০টি কম্পিউটারের মধ্যে একটি হবে নেটওয়ার্ক সার্ভার এবং বাকি নয়টি হবে ক্লায়েন্ট কম্পিউটার। এভাবে যে কেউ একটি বাস নেটওয়ার্ক টপোলজি তৈরি করতে পারবে।
প্রশ্ন: রিং টপোলজি কী? এ টপোলজি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো লেখো।
উত্তর: রিং টপোলজি:

রিং টপোলজিতে একটি কম্পিউটার অন্য একটি কম্পিউটারের সঙ্গে এমনভাবে যুক্ত থাকে, যা দেখতে অনেকটা রিংয়ের মতো। তাই এর নামকরণ হয়েছে রিং টপোলজি। কম্পিউটারগুলোকে এমনভাবে সংযুক্ত করা হয়, যাতে সর্বশেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে।
রিং টপোলজির সুবিধা এবং অসুবিধাগুলো নিচে দেওয়া হলো।
সুবিধা:
১. রিং টপোলজিতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না।
২. নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়ালেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না।
অসুবিধা:
১. রিং টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
২. নুতন কম্পিউটারের সংযোগ দেওয়ার প্রয়োজন হলে আগের সিস্টেম ভেঙে নুতনভাবে তৈরি করতে হয়। ফলে খরচ বেশি হয়।
৩. ডেটা চলাচলের গতি কম এবং যেকোনো সমস্যা সমাধান করা বেশ জটিল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা