তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ (কম্পিউটার নেটওয়ার্ক) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।

প্রশ্ন: অফিসে ব্যবহারের জন্য কোন ধরনের টপোলজি ব্যবহার সুবিধাজনক এবং কেন?
উত্তর: অফিসে ব্যবহারের জন্য স্টার টপোলজি ব্যবহার সুবিধাজনক। স্টার টপোলজিতে নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় হাবের সঙ্গে যুক্ত থাকে। এটি তুলনামূলক সহজ টপোলজি। কেউ যদি সহজে একটি নেটওয়ার্ক তৈরি করতে চায়, তবে সে এ টপোলজি ব্যবহার করতে পারে। এ টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে। কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় হাব নষ্ট হয়ে গেলে নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। এ নেটওয়ার্ক টপোলজিতে নতুন কোনো কম্পিউটার সংযোগ দেওয়া যেমন সম্ভব, তেমনি কোনো কম্পিউটারের সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব পুরো নেটওয়ার্কের কোনো ক্ষতি না করেই। এ নেটওয়ার্ক টপোলজি কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনাও করা সম্ভব।
প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহারগুলো লেখো।
উত্তর: কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসঙ্গে জুড়ে দেওয়া হয়। যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তথ্য আদান-প্রদান করতে পারে। এ নেটওয়ার্কের বিভিন্ন রকম ব্যবহার রয়েছে।
নেটওয়ার্কের ব্যবহারগুলো নিচে উল্লেখ করা হলো:
১. তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা।
২. তথ্যকে উপস্থাপন করা যায় এবং ডেটাবেইসে সংরক্ষণ করা হয়।
৩. তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সব প্রয়োজনীয় সফটওয়্যার ভাগাভাগি করে নেওয়ার সুযোগ।
৪. সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ শুরু হয়েছে।
৫. নেটওয়ার্কের মাধ্যমে আজকাল টেলিফোন করা যায়।
৬. কথা শোনার পাশাপাশি ছবিও দেখা যায়।
৭. রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা এবং যুদ্ধবিগ্রহেও নেটওয়ার্ক ব্যবহৃত হয়।
৮. বিনোদনের ক্ষেত্রেও নেটওয়ার্কের নানামুখী ব্যবহার রয়েছে। যেমন সিনেমা দেখা, গান শোনা প্রভৃতি।
প্রশ্ন: ক্লাউড কম্পিউটিং কী? এর প্রভাবে কী কী ধরনের পরিবর্তন সূচিত হয়েছে?
উত্তর: ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটনির্ভর কম্পিউটিং ব্যবস্থা। এ ব্যবস্থায় যে কেউ এটি মূল্যের বিনিময়ে ব্যবহার করতে পারবে। যে যতটুকু সেবা গ্রহণ করবে, সে ততটুকুর জন্য মূল্য দেবে।
ক্লাউড কম্পিউটিংয়ের প্রভাবে তথ্যপ্রযুক্তির জগতে এক নতুন ধারার জন্ম হয়েছে। ফলে একধরনের পরিবর্তনের ছোঁয়া লক্ষ করা যাচ্ছে। যেমন:
১. এখন এ ব্যবস্থায় বিভিন্ন ওয়েবসাইট যেমন yahoo, gmail ব্যবহার করে ই-মেইল পাঠানো সম্ভব হচ্ছে।
২. সার্চ ইঞ্জিন যেমন পিপীলিকাতে বাংলা তথ্য খোঁজার ব্যবস্থা করা হয়েছে, যেটি ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহারের ফল।
৩. আগে অনেক দাম দিয়ে সফটওয়্যার কিনে ব্যবহার করতে হতো। এখন ক্লাউড কম্পিটিংয়ের ব্যবহারকারী বা গ্রাহক সফটওয়্যার সুলভ মূল্যে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে।
৪. বিজ্ঞানীরাও এ ব্যবস্থার সাহাযে্য ব্যয় কমিয়ে তাঁদের গবেষণার কাজ সম্পন্ন করতে পারছেন।
৫. কম আয়ের, ছোট বা মাঝারি প্রতিষ্ঠানগুলো আগে অনেক দাম দিয়ে সার্ভার কিনত বা কেনা সম্ভব ছিল না। তারা বর্তমানে এ ব্যবস্থায় কম খরচে সার্ভার ব্যবহারের সুবিধা পাচ্ছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা