সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ (কম্পিউটার নেটওয়ার্ক) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: সামাজিক নেটওয়ার্ক কী? সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের সুফল এবং কুফলগুলো কী কী?
উত্তর: সামাজিক নেটওয়ার্ক বলতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটকে বোঝায়। এ মুহূর্তে পৃথিবীর জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের মধ্যে রয়েছে ফেসবুক ও টুইটার। সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের সুফলের পাশাপাশি কুফলও রয়েছে। নিচে তা বর্ণনা করা হলো:
সুফলগুলো:
১. মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধি।
২. সামাজিক নেটওয়ার্কে একে অন্যের সঙ্গে ছবি, ভিডিও বা তথ্য বিনিময় করতে পারে।
৩. ই-মেইল পাঠাতে পারে বা গ্রহণ করতে পারে, মেসেজ দেওয়া-নেওয়া করতে পারে।
৪. এর মাধ্যমে ভিডিও চ্যাটিং করার ব্যবস্থা আছে।
কুফলগুলো:
১. অধিক পরিমাণে সামাজিক নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতা সত্যিকারের যোগাযোগের অনুভূতিকে কমিয়ে দিচ্ছে। এর ব্যবহারকারীরা একেই সত্যিকারের সম্পর্ক ভাবতে শুরু করেছে।
২. বাইরে ঘুরে বেড়ানো, খেলাধুলা, মানুষের সঙ্গে মেলামেশার দক্ষতা ও ইচ্ছা কমে যাচ্ছে। এর ফলে মানসিকভাবে হতাশায় ভোগার সম্ভাবনাও দেখা দিতে পারে।
প্রশ্ন: হাব, সুইচ ও রাউটারের বর্ণনা দাও।
উত্তর:
হাব: দুই-এর অধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের দরকার হয়, যা প্রতিটি কম্পিউটারকে সংযুক্ত করতে পারে। এ ডিভাইসকে হাব বলে। হাবের মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। নেটওয়ার্কে হাব ব্যবহার করলে তুলনামূলকভাবে খরচ কম পড়ে।
সুইচ: সুইচ হলো বহু পোর্টবিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস, যা তথ্যকে আদান-প্রদান করতে সাহায্য করে। বাইরে থেকে সুইচ দেখতে হাবের মতো মনে হলেও এটি ভিন্ন পদ্ধতিতে নেটওয়ার্কের ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে।
রাউটার: রাউটার একটি বুদ্ধিমান যন্ত্র, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি, যা দুই বা অধিক একই প্রটোকলযুক্ত নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান-প্রদান করে। একটি নেটওয়ার্ক হাব ও সুইচের সমন্বয়ে তৈরি হয়। রাউটার দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে অবস্থান করে। দুইয়ের বেশি ভিন্ন নেটওয়ার্কের মধ্যেও অবস্থান করতে পারে।
প্রশ্ন: নেটওয়ার্ক ব্যবস্থায় হাব ব্যবহারে সুবিধা ও অসুবিধাগুলো কী কী?
উত্তর: নেটওয়ার্ক ব্যবস্থায় হাব ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো নিচে দেওয়া হলো।
সুবিধা:
১. বিভিন্ন ধরনের মিডিয়াকে সংযুক্ত করে থাকে।
২. এটি স্বল্পমূল্যে পাওয়া যায়।
৩. হাব ব্যবহারে অল্প পরিসরে ছোট নেটওয়ার্ক তৈরি করা যায়।
অসুবিধা:
১. ডেটা আদান-প্রদানে বাধার সম্ভাবনা থাকে।
২. অনেক ডেটা একসঙ্গে পাঠালে সময় বেশি লাগে।
৩. গতি কম হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা