তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ (কম্পিউটার নেটওয়ার্ক) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।

প্রশ্ন: রাউটারের কাজ করার পদ্ধতি বর্ণনা করো।
উত্তর: রাউটার একটি বুদ্ধিমান যন্ত্র, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি, যা দুই বা অধিক একই প্রটোকলযুক্ত নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান-প্রদান করে। একটি নেটওয়ার্ক হাব ও সুইচের সমন্বয়ে তৈরি হয়। রাউটার দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে অবস্থান করে। দুইয়ের বেশি ভিন্ন নেটওয়ার্কের মধ্যেও অবস্থান করতে পারে।
এটি একটি নেটওয়ার্ক থেকে পাওয়া ডেটা সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে অন্য নেটওয়ার্কে পাঠাতে কাজ করে। এটি উত্স কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌঁছে দেয়। যেমন (লন্ডনে অবস্থিত কোনো বন্ধুকে ই-মেইলের মাধ্যমে ছবি পাঠাতে হলে ছবিটি কয়েকটি ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে বন্ধুর কম্পিউটারে পৌঁছাবে। প্রতিটি ডেটা প্যাকেটে গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে। একটি ডেটা প্যাকেট কোনো একটি রাউটারে পৌঁছালে পরবর্তী কোন পথে অগ্রসর হলে ডেটা সহজে এবং দ্রুত গন্তব্যে পৌঁছাবে তার পথনির্দেশ দেয় রাউটার।

প্রশ্ন: হাব ও সুইচের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর: হাব ও সুইচের মধ্যে পার্থক্য:
হাব
১. ডেটা আদান-প্রদানে বাধার সম্ভাবনা থাকে। 
২. ডেটা সিগন্যাল প্রাপক কম্পিউটারের সব পোর্ট পাঠায় অর্থাত্ নেটওয়ার্কের সব কম্পিউটারের কাছে পাঠায়। 
৩. পোর্ট কম। অনেক বড় নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা যায় না।  
৪. সময় বেশি লাগে। 
৫. নিরাপত্তা কম। 
৬. মূল্য কম। 

সুইচ
১. ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা থাকে না।
২. প্রেরক কম্পিউটার থেকে সুনির্দিষ্ট ঠিকানায় প্রাপক কম্পিউটারের কাছে ডেটা পাঠায়। 
৩. পোর্ট বেশি। তাই অনেক বড় নেটওয়ার্ক তৈরি করা যায়।
৪. সময় কম লাগে।
৫. নিরাপত্তা ব্যবস্থা ভালো।
৬. মূল্য বেশি।

প্রশ্ন: ল্যান কার্ড কী? বিভিন্ন ধরনের ল্যান কার্ড সম্পর্কে ধারণা দাও।
উত্তর: ল্যান কার্ড বা LAN Card হলো Local Area Network Card। দুটো বা অধিকসংখ্যক কম্পিউটারকে একসঙ্গে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন হয়, তা হলো ল্যান কার্ড। অর্থাত্ আমরা যদি নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, তবে অবশ্যই ল্যান কার্ডের প্রয়োজন হবে। নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো ডেটা পাঠাতে বা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। বর্তমানে প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপের মাদারবোর্ডের সঙ্গেই ল্যান কার্ড সংযুক্ত অবস্থায় থাকে। তার পরও কিছু আইসিটি যন্ত্রে আলাদা করে ল্যান কার্ড সংযুক্ত করতে হয়। প্রযুক্তির উন্নয়নের ফলে এখন তারবিহীন ল্যান কার্ড খুবই সাধারণ। এর ফলে তারের ঝামেলা থেকে রক্ষা পাওয়া যায়। আধুনিক অফিসগুলোতে তারবিহীন ল্যান কার্ডই এখন সবার পছন্দ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল