সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ অধ্যায়-৩ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা রক্ষায় করণীয় পদক্ষেপগুলো কী কী?
উত্তর: প্রতিটি কম্পিউটার বা নেটওয়ার্কেরই নিরাপত্তাব্যবস্থা থাকে। এ নিরাপত্তাব্যবস্থা ফায়ারওয়াল নামে পরিচিত। নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের ভেতর দিয়ে যাওয়ার সময় পাসওয়ার্ড দেওয়া হয়। পাসওয়ার্ডটি এমনভাবে দেওয়া হয় যেন কেউ সেটি সহজে অনুমান করতে না পারে। অসাধু ব্যক্তির হাত থেকে তথ্য রক্ষায় নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন এবং সচেতনতা জরুরি। দিন দিন আমরা তথ্যপ্রযুক্তির ওপর এবং নেটওয়ার্কের ওপর বেশি নির্ভর হতে শুরু করেছি। কোনো কারণে যদি কিছুক্ষণের জন্যও এ নেটওয়ার্ক অচল হয়ে যায়, তাহলে পৃথিবীতে একধরনের বিপর্যয় নেমে আসবে। তাই এর নিরাপত্তারক্ষায় আমাদের সচেতন হতে হবে।
প্রশ্ন: সফটওয়্যার কী? ক্ষতিকারক সফটওয়্যার কীভাবে কম্পিউটারের ক্ষতিসাধন করে?
উত্তর: সফটওয়্যার হলো এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি, যা বিশেষ কোনো কার্য সম্পাদনের জন্য তৈরি করা হয়। কম্পিউটারে কোনো কাজ করতে গেলে সেটি প্রোগ্রামিংয়ের মাধ্যমে সম্পন্ন করতে হয়। সাধারণত কম্পিউটারে দুই ধরনের সফটওয়্যার বা প্রোগামগুচ্ছ থাকে।
ক্ষতিকর সফটওয়্যারকে ম্যালওয়্যার বলে, যা নানাভাবে কম্পিউটারের ক্ষতিসাধন করে। যেমন:
১. নানা ধরনের প্রয়োজনীয় সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটায়।
২. বিভিন্ন হার্ডওয়্যারের সফটওয়্যার ইন্টারফেস বিনষ্ট করতে পারে।
৩. সম্পূর্ণ কম্পিউটারের কার্যক্ষমতাকে নষ্ট করতে পারে।
৪. কোনো কোনো ম্যালওয়্যার ব্যবহারকারীর কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করে।
৫. কম্পিউটারের গতি কমিয়ে দিতে পারে।
৬. কম্পিউটারের সিস্টেম ফাইলের ক্ষতি করতে পারে।
তাই ম্যালওয়্যার থেকে আমাদের সকলের সাবধান থাকা উচিত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা