সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ অধ্যায়-৩ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
প্রশ্ন: ম্যালওয়্যার কী? ম্যালওয়্যারের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে লেখো।
উত্তর: ম্যালওয়্যার: ম্যালওয়্যার একধরনের সফটওয়্যার, যা কি না অন্য সফটওয়্যারকে কাঙ্ক্ষিত কর্মসম্পাদনে বাধার সৃষ্টি করে। শুধু যে বাধার সৃষ্টি করে তা নয়, কোনো কোনো ম্যালওয়্যার ব্যবহারকারীর কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করে। কোনো কোনো সময় ব্যবহারকারীর অজান্তে তার কম্পিউটার সিস্টেমে প্রবেশাধিকার লাভ করে।
প্রচলিত এবং শনাক্তকৃত ম্যালওয়্যারসমূহের মধ্যে নিচে উল্লিখিত তিন ধরনের ম্যালওয়্যার সবচেয়ে বেশি দেখা যায়:
১. কম্পিউটার ভাইরাস, ২. কম্পিউটার ওয়ার্ম, ৩. ট্রোজান হর্স।
নিচে এদের বর্ণনা দেওয়া হলো:
১. কম্পিউটার ভাইরাস: কম্পিউটার ভাইরাস হলো এমন একধরনের সফটওয়্যার, যা কোনো কার্যকরী ফাইলের সঙ্গে যুক্ত হয়। যখন ওই প্রোগ্রামটি চালু হয় বা চালানো হয় তখন ভাইরাসটি অন্যান্য কার্যকরী ফাইলে সংক্রমিত হয়।
২. কম্পিউটার ওয়ার্ম: কম্পিউটার ওয়ার্ম সে প্রোগ্রাম, যা কোনো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কম্পিউটারকেও সংক্রমিত করে।
৩. ট্রোজান হর্স: ট্রোজান হর্স হলো ছদ্মবেশী সফটওয়্যার। ক্ষতিকর সফটওয়্যারের উদ্দেশ্য তখনই সফল হয় যখন কি না সেটিকে ক্ষতিকারক সফটওয়্যার হিসেবে চিহ্নিত করা যায় না। এ জন্য অনেক সফটওয়্যার ভালো সফটওয়্যারের আড়ালে নিজেকে ঢেকে রাখে। ব্যবহারকারী সরল বিশ্বাসে সেটি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়। এটি হলো ট্রোজান হর্সের কাজের প্রক্রিয়া। যখনই ছদ্মবেশী সফটওয়্যারটি চালু হয়, তখনই ট্রোজানটি কার্যকর হয়ে ব্যবহারকারীর ফাইল ধ্বংস করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা