সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ অধ্যায়-৩ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
প্রশ্ন: ম্যালওয়্যার কেমন করে কাজ করে?
উত্তর: যেসব কম্পিউটার সিস্টেমে সফটওয়্যার নিরাপত্তাব্যবস্থার ত্রুটি থাকে, সেসব ক্ষেত্রে ম্যালওয়্যার তৈরির সুযোগ সৃষ্টি হয়। ম্যালওয়্যার যেসব প্রোগ্রামিং কোড ব্যবহারে তৈরি করা হয় সেসব প্রোগ্রাম কম্পিউটারের জন্য ক্ষতিকর। কেবল নিরাপত্তা ত্রুটি নয়, ডিজাইনে ভুল থাকলেও সফটওয়্যারটিকে অকার্যকর করার জন্য ম্যালওয়্যার তৈরি করা সম্ভব হয়। বর্তমান বিশ্বে প্রচলিত অপারেটিং সিস্টেমের মধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ম্যালওয়্যারের সংখ্যা অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় বেশি। এর একটি কারণ বিশ্বে উইন্ডোজ ব্যবহারকারীর সংখ্যা বেশি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভেতরের খবর কেউ জানে না। কাজে কোনো ভুল বের করতে পারলে সে সেটিকে ব্যবহার করতে পারে। ম্যালওয়্যার তৈরি করতে পারে। ইন্টারনেটের বিকাশের আগে ম্যালওয়্যারের সংখ্যা খুবই কম ছিল। যখন থেকে ইন্টারনেটের মাধ্যমে ম্যালওয়্যারকে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে, তখন থেকেই ম্যালওয়্যারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
প্রশ্ন: ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার পাঁচটি উপায় লেখো।
উত্তর: কম্পিউটারে অনুপ্রবেশকারী বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়্যারের সাধারণ নামই হলো ম্যালওয়্যার। ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার পাঁচটি উপায় নিচে দেওয়া হলো:
১. বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা অ্যান্টি-ভাইরাস বা অ্যান্টি-ম্যালওয়্যার নামে পরিচিত। এগুলো কম্পিউটারকে ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা করার জন্য কাজ করে।
২. ফায়ারওয়াল ব্যবস্থার মাধ্যমেও ব্যবহারকারীরা ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে থাকে।
৩. যেহেতু প্রতিনিয়তই ম্যালওয়্যার তৈরি হচ্ছে, তাই এর তৈরি, বিপণন, বিকাশের ব্যাপারটি আইনের মাধ্যমে নিষিদ্ধ করা উচিত।
৪. সব ভাইরাস বা ম্যালওয়্যারের একটি নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। অ্যান্টি-ম্যালওয়্যার এসব প্যাটার্নের তালিকা সংগ্রহ করে এবং এর ভিত্তিতে ভাইরাস বা ম্যালওয়্যারটি শনাক্ত করে। তাই এ তালিকাটি নিয়মিত হালনাগাদ করার প্রয়োজন হয়। এভাবে সব সময় ভাইরাস থেকে আইসিটি যন্ত্রকে রক্ষা করা যায়।
৫. এ ছাড়া যেসব মাধ্যম যেমন পেনড্রাইভ, হার্ডডিস্ক, নেটওয়ার্ক গেটওয়ের সাহাযে্য ভাইরাস ছড়ায়, সেসব ব্যবহারে সচেতন হলে এর থেকে অনেকটাই নিষ্কৃতি পাওয়া যাবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল