সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ অধ্যায়-৩ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: কম্পিউটার ভাইরাস কী? এর বৈশিষ্ট্যগুলো লেখো।
উত্তর: কম্পিউটার ভাইরাস হলো একধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার, যা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। ভাইরাস মূলত একধরনের কম্পিউটার প্রোগ্রাম কোড বা প্রোগ্রামগুচ্ছ যা কম্পিউটারের বিভিন্ন কার্য ব্যাহত করতে তৈরি করা হয়।
কম্পিউটার ভাইরাসের বৈশিষ্ট্যাবলি নিম্নরূপ:
১. কম্পিউটার ভাইরাস পুনরুত্পাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে।
২. এটি একধরনের ক্ষতিকর প্রোগ্রাম বা প্রোগ্রামগুচ্ছ।
৩. ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া এটি সংক্রমিত হতে পারে না।
৪. এটি বহনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়।
৫. সব ভাইরাসই ম্যালওয়্যার কিন্তু সব ম্যালওয়্যারই ভাইরাস নয়।
৬. বিভিন্ন রকম ভাইরাসের ক্ষতি করার ক্ষমতা বিভিন্ন ধরনের হয়।
৭. ভাইরাস স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের হতে পারে।
প্রশ্ন: কম্পিউটার ভাইরাস কী? কাজের ধরনের ভিত্তিতে ভাইরাসকে কতভাগে ভাগ করা হয়? সংক্ষেপে এর বিবরণ দাও।
উত্তর: কম্পিউটার ভাইরাস হলো একধরনের ক্ষতিকর ম্যালওয়্যার, যার পুনরুত্পাদন ক্ষমতা রয়েছে। এটি কম্পিউটার সিস্টেমের নানা রকম ক্ষতি করে থাকে। কখনো দৃশ্যমান ক্ষতি কখনো ক্ষতির ব্যাপারটি অনেক দেরিতে বোঝা যায়। পুনরুত্পাদনের জন্য অবশ্যই ভাইরাসের প্রোগ্রাম কোডটিকে চালাতে হয়। কেউ জেনে-শুনে যেহেতু এ ক্ষতিকর কোড চালাবে না, সেহেতু যেসব প্রোগ্রাম ব্যবহারকারী সচরাচর চালিয়ে থাকেন সেগুলোর কার্যকরী ফাইলের পেছনে ভাইরাসটি নিজের কোডটি ঢুকিয়ে দেয়। যখন কোনো ব্যবহারকারী ওই কার্যকরী ফাইলটি চালায়, তখন ভাইরাস প্রোগ্রামটিও সক্রিয় হয়ে ওঠে।
কাজের ধরনের ভিত্তিতে সক্রিয় হওয়ার পর এ ভাইরাসকে দুই ভাগে ভাগ করা হয়:
১. নিবাসী (Resident) ভাইরাস
২. অনিবাসী (Non-Resident) ভাইরাস
নিচে এদের বর্ণনা দেওয়া হলো:
১. নিবাসী ভাইরাস: এ ভাইরাস হলো এমন ভাইরাস, যা চালু হওয়ার পর মেমোরিতে স্থায়ী হয়ে বসে থাকে। যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয়, তখনই সেটি সেই প্রোগ্রামকে সংক্রমিত করে।
২. অনিবাসী ভাইরাস: কোনো কোনো ভাইরাস সক্রিয় হয়ে ওঠার পর, অন্যান্য কোনো কোনো প্রোগ্রামকে সংক্রমণ করা যায়, সেটি খুঁজে বের করে। তারপর সেগুলোকে সংক্রমণ করে এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। এদের বলা হয় অনিবাসী ভাইরাস।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল