তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

# ঝর্ণা ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে গিয়ে তার আমেরিকাপ্রবাসী বাবাকে তার পিকনিকে তোলা ছবিগুলো ই-মেইলের মাধ্যমে পাঠাল। পরবর্তী সময়ে ঝর্ণাদের ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র সব গ্রামকে কেব্ল টিভি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসে। ঝর্ণা তার মায়ের সঙ্গে ব্যাংকে গিয়ে ম্যানেজারের রুমে দেখতে পেল একটি টিভি স্ক্রিনে ব্যাংকের সব ডেস্কের কার্যক্রম প্রদর্শিত হচ্ছে।
প্রশ্ন:
ক. ডেটা ট্রান্সমিশন মোড কী?
খ. 58kbps বলতে কী বোঝায়?
গ. ঝর্ণার ব্যবহূত নেটওয়ার্কটি ব্যাখ্যা করো।
ঘ. গ্রাম ও ব্যাংকে ব্যবহূত নেটওয়ার্কদ্বয়ের মধ্যে কোনটি ব্যয়বহুল, বিশ্লেষণমূলক মতামত দাও।
উত্তর-ক:
কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনের সময় ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার প্রবাহকে ডেটা ট্রান্সমিশন মোড বলে।
উত্তর-খ:
একক সময়ে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। 58kbps বলতে বোঝায় প্রতি সেকেন্ডে ৫৮ কিলোবিট ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়।
উত্তর-গ:
WAN এর পূর্ণরূপ হলো Wide Area Network. অর্থাত্ WAN হলো বিরাট জায়গাজুড়ে বিস্তৃত। কোনো দেশের বিভিন্ন শহরে অবস্থিত LAN, MAN এমনকি বিভিন্ন দেশের তৈরি করা Network-এর সমন্বয়ে তৈরি Network হলো WAN. উদ্দীপকে দেখা যায় ঝর্ণা ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে গিয়ে তার আমেরিকাপ্রবাসী বাবাকে তার পিকনিকে তোলা

.
.

ছবিগুলো ই-মেইলে পাঠাল। সুতরাং ঝর্ণার ব্যবহূত নেটওয়ার্কটি হচ্ছে WAN।
উত্তর-ঘ:
LAN-এর পূর্ণরূপ হলো Local Area Network. কোনো কক্ষের একাধিক কম্পিউটার বা কোনো ভবনের একাধিক কক্ষে বা বিভিন্ন তলায় বা পাশাপাশি ভবনে রক্ষিত কম্পিউটারসমূহ যদি পরস্পর যুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে, তাকে LAN বলে। আবার একই শহরের ভিন্ন ভিন্ন স্থানে অবস্থিত LAN-এর সমন্বয়ে যে নেটওয়ার্ক তৈরি হয়, তাকে MAN বলে।
উদ্দীপকে দেখা যায়, ঝর্ণাদের ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র সব গ্রামকে কেব্ল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসে। এ ক্ষেত্রে ব্যবহূত নেটওয়ার্কটি হলো MAN। অন্যদিকে ঝর্ণা তার মায়ের সঙ্গে ব্যাংকে গিয়ে ম্যানেজারের রুমে দেখতে পেল একটি টিভি স্ক্রিনে ব্যাংকের সব ডেস্কের কার্যক্রম প্রদর্শিত হচ্ছে। সুতরাং ব্যাংকে ব্যবহূত নেটওয়ার্কটি হলো LAN। উদ্দীপকে গ্রাম ও ব্যাংকে ব্যবহূত নেটওয়ার্ক দুটির মধ্যে গ্রামের নেটওয়ার্কটি তৈরি করতে প্রচুর পরিমাণ কেব্ল, রিপিটার, সুইচ এবং বড় সার্ভারের প্রয়োজন। অন্যদিকে ব্যাংকে তৈরি করা নেটওয়ার্কটি শুধু কতগুলো কম্পিউটার তার দ্বারা যুক্ত হয় ফলে খরচ কম। তাই বলা যায়, গ্রামে তৈরি করা নেটওয়ার্কটি ব্যাংকে তৈরি করা নেটওয়ার্কের তুলনায় অধিক ব্যয়বহুল।
প্রভাষক, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ