তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ (কম্পিউটার নেটওয়ার্ক) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
প্রশ্ন: নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ও প্রটোকল সম্পর্কে লেখ।
উত্তর : নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড: নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নেটওয়ার্ক এডাপ্টার হলো একধরনের সংযোগকারী মাধ্যম, যা কম্পিউটারকে নেটওয়ার্কের সঙ্গে জুড়ে দিতে ব্যবহার করা হয়। সেটা করার জন্য কম্পিউটারের সঙ্গে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাতে হয়। কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য নেটওয়ার্ক এডাপ্টার বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড প্রয়োজন হয়।
প্রটোকল: সহজ ভাষায় বলতে গেলে প্রটোকল হলো নিয়ম আর প্রটোকলস নিয়মের সমষ্টি। ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসঙ্গে যুক্ত করে দিতে হলে এক কম্পিউটারের সঙ্গে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তথ্য আদান-প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে, তারা আগে থেকেই ঠিক করে নেয়, কোন ভাষায়, কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে কথা বলবে। এ নিয়মগুলোই হচ্ছে প্রটোকল।
প্রশ্ন: কম্পিউটারে নেটওয়ার্ক এডাপ্টার ব্যবহারে কী কী সুবিধা পাওয়া যায়?
উত্তর: কম্পিউটারে নেটওয়ার্ক এডাপ্টার ব্যবহারে যে সুবিধাগুলো পাওয়া যায় তা নিচে দেওয়া হলো:
১. নেটওয়ার্কভুক্ত কম্পিউটারে যোগাযোগের সুবিধা প্রদান করে। ২. এর ওপর অনেক সময় নেটওয়ার্কের গতি এবং দক্ষতা নির্ভর করে। ৩. ব্যবহারকারী এবং ওয়ার্কস্টেশনের মধ্যে সংযোগ প্রদান করে। ৪. এ কার্ডগুলো ব্যবহূত হয় মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য, কম্পিউটারকে দেওয়ার জন্য এবং কম্পিউটার থেকে তথ্য নেটওয়ার্কে ছেড়ে দেওয়ার জন্য। কম্পিউটার নেটওয়ার্কে তথ্য আদান-প্রদানের জন্য নানা রকম যন্ত্র ব্যবহূত হয়। এদের মধ্যে নেটওয়ার্ক এডাপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রশ্ন: টপোলজি কী? বাস টপোলজি কী? বাস টপোলজি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো লেখো।
উত্তর : টপোলজি: একটি কম্পিউটারের সঙ্গে অন্য একটি কম্পিউটার কীভাবে, কী কৌশলে যুক্ত হবে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। এ ধরনের টপোলজি সবসময় কম্পিউটার কেব্ল বা ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইসের দ্বারা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। নেটওয়ার্কে প্রতি জোড়া স্টেশনের মধ্যে কোন পথে ডেটা চলাচল করবে, নেটওয়ার্ক টপোলজি তা নির্ধারণ করে। নেটওয়ার্ক টপোলজি বিভিন্ন ধরনের হয়। যেমন: ১. বাস টপোলজি ২. রিং টপোলজি
৩. স্টার টপোলজি ৪. ট্রি টপোলজি ৫. মেশ টপোলজি।
বাস টপোলজি: যে টপোলজিতে একটি মূল তারের সঙ্গে সব কটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে, তাকে বাস টপোলজি বলে। একে অনেক সময় লিনিয়ার টপোলজিও বলা হয়। এর মূল কেব্লকে ব্যাকবোন বলে। প্রতিটি কম্পিউটার মূল বাসের সঙ্গে সংযুক্ত থাকে।
বাস টপোলজির সুবিধা ও অসুবিধাগুলো নিচে দেওয়া হলো:
সুবিধা: ১. বাস টপোলজি সহজ-সরল।
২. কম তারের প্রয়োজন হয়।
৩. খরচ কম হয়।
৪. বাস টপোলজি সম্প্রসারণ করা সম্ভব।
৫. এখানে ব্যাকবোন একটি, এর সংগঠন সহজ ও সাধারণ।
৬. কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারগুলো স্বাভাবিকভাবে কাজ করতে পারে।
অসুবিধা: ১. বাস টপোলজির ডেটা চলাচলের গতি কম।
২. ব্যাকবোন তারটি নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
৩. এ ধরনের নেটওয়ার্কের ত্রুটি নির্ণয় করা বেশ জটিল।
৪. একসঙ্গে একই সময়ে বেশি ডেটা আদান-প্রদানে সময় বেশি লাগে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা