সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ (কম্পিউটার নেটওয়ার্ক) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
প্রশ্ন: স্টার টপোলজি কী? এ টপোলজি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো লেখো।
উত্তর:
স্টার টপোলজি: যে নেটওয়ার্কে একটি কম্পিউটার অন্য একটি কম্পিউটারের সঙ্গে এমনভাবে যুক্ত থাকে, যা দেখতে অনেকটা আকাশের তারকার মতো, তাকে স্টার টপোলজি বলে। এ নেটওয়ার্কে হাব বা সুইচের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার সংযুক্ত থাকে।
স্টার টপোলজির সুবিধা এবং অসুবিধাগুলো নিচে দেওয়া হলো:
সুবিধা :
১. এ টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায় না।
২. ডেটা চলাচলের গতি বেশি।
৩. নতুন একটি কম্পিউটার সংযোগ দেওয়ার প্রয়োজন হলে শুধু হাবের সঙ্গে সংযোগ দিলেই চলে।
৪. কেন্দ্রীয়ভাবে এ টপোলজি নিয়ন্ত্রণ করা যায় বলে ত্রুটি নির্ণয় সহজ।
৫. বর্তমানে এ পদ্ধতি বহুলভাবে ব্যবহূত হচ্ছে।
অসুবিধা:
১. হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায়।
২. প্রতিটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত করার জন্য প্রচুর কেবেলর প্রয়োজন হয়, যা ব্যয়বহুল।
প্রশ্ন: ট্রি টপোলজি কী? এ টপোলজি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো লেখো।
উত্তর: ট্রি মানে গাছ। নামের সঙ্গে এ টপোলজি তৈরির
পদ্ধতিতেও মিল রয়েছে।
যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সঙ্গে শাখা-প্রশাখা হিসেবে বিন্যস্ত থাকে, যা দেখতে অনেকটা গাছের মতো, যেমন (গাছের মূল এবং শাখা-প্রশাখা থাকে) তাকে ট্রি টপোলজি বলে। এখানে গাছের মূল হচ্ছে হোস্ট কম্পিউটার, বাকি কম্পিউটারগুলো হলো শাখা ও প্রশাখা।
ট্রি টপোলজির সুবিধা ও অসুবিধাগুলো নিচে দেওয়া হলো:
সুবিধা :
১. ট্রি টপোলজিতে শাখা-প্রশাখার মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ সুবিধাজনক।
২. অফিস ব্যবস্থাপনার জন্য এ নেটওয়ার্ক বেশি উপযোগী।
অসুবিধা:
১. মূল কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়।
২. নেটওয়ার্কের গঠন প্রকৃতি জটিল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা