তাঁদের কণ্ঠে বিজয়ের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড্ডার সঙ্গে যোগ হয় গিটারের সুর। ছবি: হাসান মাহমুদ
আড্ডার সঙ্গে যোগ হয় গিটারের সুর। ছবি: হাসান মাহমুদ

বিজয়ের মাস। পাবনা এডওয়ার্ড কলেজের পরিবেশটাও তাই অন্য সময়ের চেয়ে একটু আলাদা। মহুয়াতলা, সাংস্কৃতিক কেন্দ্র ও বন্ধুসভা চত্বরসহ সব আড্ডাতেই উঠে আসছে মুক্তিযুদ্ধের কথা। গিটারের তারে বাজছে বিজয়ের গান। সঙ্গে চলছে বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি। আর সবকিছুর সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে ক্যাম্পাসে নবনির্মিত ‘স্বাধীনতা স্মৃতিস্তম্ভ’।
উত্তরবঙ্গের অন্যতম বড় শিক্ষাঙ্গন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ঘুরে গত ৭ ডিসেম্বর দেখা গেল এই চিত্র। কথা হলো শিক্ষার্থীদের সঙ্গে। তাঁরা বললেন প্রাপ্তি-অপ্রাপ্তি ও স্বপ্নের কথা।
এদিন-সেদিন
১৮৯৮ সালে পাবনার শিক্ষানুরাগী গোপালচন্দ্র লাহিড়ী কলেজটি প্রতিষ্ঠা করেন। শুরুতে নাম দেওয়া হয় পাবনা ইনস্টিটিউশন। তখন কলেজটি কলকাতা ইউনিভার্সিটির অধিভুক্ত ছিল। পরবর্তী সময়ে সম্রাট সপ্তম এডওয়ার্ডের প্রতি সম্মান জানিয়ে এর নামকরণ করা হয় এডওয়ার্ড কলেজ। ১৯১২ সালে বাংলার প্রথম গভর্নর জেনারেল লর্ড থমাস ডেভিড বেরন কলেজ পরিদর্শন করে উন্নয়নকাজের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেন। এরপর তাড়াশের জমিদার রায় বাহাদুর বনমালী কলেজটি পরিদর্শন করে আরও ৫০ হাজার টাকা দেন। শুরু হয় কলেজের উন্নয়ন।
১৯১৪ সালে শ্রীমতি গোপী সুন্দরী দাসি ও শ্রী দেবেন্দ্র নারায়ণ সিং কলেজের জন্য ৪৬ বিঘা জমি দিয়েছিলেন। এরপর থেকেই কলেজের সীমানা বড় হতে শুরু করে। ১৯৫৪ সালে এখানে বাংলা ও অর্থনীতি বিষয়ে প্রথম অনার্স কোর্স চালু হয়। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার কলেজটি জাতীয়করণ করার পর নাম হয় সরকারি এডওয়ার্ড কলেজ।

বর্তমানে এখানে ১৯টি বিষয়ে অনার্স, ১৭টি বিষয়ে মাস্টার্স, বিএ (পাস কোর্স), বিএসএস, বিএসসি ও এইচএসসি চালু আছে। সব মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৫৪৬ জন। শিক্ষক রয়েছেন ১৭৫ জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছেন আরও ১১৮ জন।
গোপালচন্দ্র লাহিড়ী, অন্নদা প্রসাদ ভট্টাচার্য, কালি প্রসন্ন মজুমদার, জ্ঞানেদ্রনাথ সরকারসহ অনেক গুণীজন এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কবি আবু হেনা মোস্তফা কামালের মতো প্রিয়জনদের পদধূলি পড়েছে এই ক্যাম্পাসে। এই কলেজে পড়েছেন গীতিকার ও শিল্পী গৌরী প্রসন্ন মজুমদার, ভারতে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনকারী হোসেন আলী, ভাষাসৈনিক আতোয়ার রহমান ও লুত্ফর রহমানসহ বহু স্বনামধন্য ব্যক্তি। এ অঞ্চলে এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণ থেকে নেতৃত্ব এসেছে ভাষা আন্দোলন, আইয়ুববিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা স্বৈরাচারবিরোধী আন্দোলনের।

ক্যাম্পাসের রং
কৃষ্ণচূড়া, মহুয়া, বকুল ও শিমুলসহ বাহারি ফুলের গাছ এডওয়ার্ড কলেজে রং ছড়ায়। রাস্তার দুই পাশে জাম-লিচুর গাছ। বিজ্ঞান ও কলা বিভাগের জন্য আলাদা দুটি ক্যাম্পাস। একদিকে বিজ্ঞান বিভাগের পুরোনো ভবনগুলো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে, অন্যদিকে কলা ও বাণিজ্য বিভাগের নতুন ভবনগুলোতে পড়েছে আধুনিকতার ছাপ। রয়েছে প্রায় এক হাজার আসনের বিশাল মিলনায়তন। একটি উন্মুক্ত মঞ্চ। মিলনায়তনের পাশে এক বেদিতে শহীদ মিনার ও টেরাকোটায় সাজানো মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ।
তিনটি বড় খেলার মাঠ। দুটি পুকুর, পুকুর ঘাট। পুরোনো গাছের গোড়ায় ইট-সিমেন্টের বেদি। শিক্ষার্থীদের আড্ডা জমে এখানেই। গিটারের সঙ্গে হাততালির যুগলবন্দী, সঙ্গে যোগ হয় গল্প-হাসাহাসি।

স্বপ্নে বাঁচি
কথা হলো রসায়ন বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্রী হিউমেইন কার্ডিয়ার সঙ্গে। বলছিলেন, ‘মানুষের স্বপ্নের প্রভাবক হিসেবে কাজ করে চারপাশের পরিবেশ-পরিস্থিতি। একসময় ইচ্ছা ছিল চিকিৎসক হব। ক্যাম্পাসের স্বাধীনতা স্তম্ভটার দিকে তাকিয়ে থাকতে থাকতে একদিন হঠাৎ আবিষ্কার করলাম আমার স্বপ্নটা বদলে গেছে। ভাবছি শিক্ষক হয়ে এই কলেজেই থেকে যাব।’
শেখ তোজা ফাহমিদা ক্যাম্পাসের ‘অলরাউন্ডার’। ইংরেজি সাহিত্যে সম্মান শেষ বর্ষের পরীক্ষায় জিপিএ ৩.২৩ পেয়ে বিভাগের সেরা তিনি। পড়ালেখায় যেমন মেধাবী, গানেও তাঁর সমান দক্ষতা। রবীন্দ্রসংগীতে তিনবার জাতীয় পুরস্কার জিতেছেন। রবীন্দ্রভক্ত তরুণীর স্বপ্ন—ম্যাজিস্ট্রেট হবেন, পাশাপাশি গান গেয়ে মানুষের মন জয় করবেন।
ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, নাহিদ রিয়াজী ও মার্কেটিং তৃতীয় বর্ষের শামীমা নাসরিনেরও একই রকম লক্ষ্য। বিসিএস পাস করে সরকারি কর্মকর্তা হতে চান তাঁরা।

শিক্ষার্থীদের সংগঠন
কলেজের ছোট-বড় সব অনুষ্ঠান হচ্ছে এখন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের ব্যানারে। একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পয়লা বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল জন্মজয়ন্তী, লোকসংগীতসহ নানা অনুষ্ঠান আয়োজন করছে সংগঠনটি। যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে একসঙ্গে সাহিত্য ও সংস্কৃতির চর্চা করছেন।
বিজয় দিবস নিয়ে প্রস্তুতির কথা জানালেন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কর্মী, ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র হাসান মাহমুদ। ‘এবার বিজয় দিবসের পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে ক্যাম্পাসের নতুন স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ঘিরে। সকালে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। বিকেলে স্তম্ভের বেদিতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই এখন পুরোদমে মহড়া চলছে।’
এ ছাড়া রয়েছে বিএনসিসি, রোভার স্কাউট ও স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধন। একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনসহ জেলার বড় বড় অনুষ্ঠানে এডওয়ার্ড কলেজের রোভার স্কাউট দল স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকে। বিএনসিসির সদস্যরাও সক্রিয় আছেন।

পাওয়া না-পাওয়া
প্রিয় প্রাঙ্গণে অনেক প্রাপ্তির মাঝেও কিছু অপ্রাপ্তি শিক্ষার্থীদের মন খারাপ করে দেয়। দর্শন চতুর্থ বর্ষের আনিকা তাসনিমের ভাষায়, ‘আমাদের এত বড় একটা ক্যাম্পাস, কলেজ নিয়ে আমরা কত গর্ব করি! কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের কোনো ক্যানটিন নেই। যেটা ছিল, সেটাও প্রায় বছর খানেক ধরে বন্ধ হয়ে আছে। বন্ধুরা এলে আপ্যায়ন করতে পারি না, তখন লজ্জাই লাগে। একটা সুন্দর ক্যানটিন থাকলে কত ভালো হতো!’
শিক্ষার্থীরা বেশির ভাগই জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে এসে ক্লাস করেন। তাঁদের জন্য কলেজে তিনটি ছেলেদের ও দুটি মেয়েদের হোস্টেল রয়েছে। কিছু শিক্ষার্থী নিজেদের ঠিকানা খুঁজে নিয়েছেন বিভিন্ন মেসে। বাকিরা চারটি কলেজ বাসে প্রতিদিন যাওয়া-আসা করেন। ৩২ থেকে ৪০ সিটের প্রতিটি বাসে গাদাগাদি করে চড়তে হয় এক শরও বেশি শিক্ষার্থীকে। প্রতিদিনের এই ঝক্কির মাঝেও তাঁরা আনন্দ খুঁজতে চেষ্টা করেন।
ঈশ্বরদী থেকে বাসে যাওয়া-আসা করেন বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী আঁখি আফরিনা। বলছিলেন, ‘গাদাগাদি করে কলেজ বাসে চড়তে খুব কষ্ট হয়। তবে বন্ধুরা মিলে হইচই করতে করতে যখন যাই, তখন ভালোই লাগে। কষ্টগুলো মিলিয়ে যায়।’

নাঈদ মো. শামসুল হুদা
নাঈদ মো. শামসুল হুদা
শিক্ষক-শিক্ষার্থী একসঙ্গে কাজ করছি
নাঈদ মো. শামসুল হুদা
অধ্যক্ষ
এডওয়ার্ড কলেজের ইতিহাস বেশ সমৃদ্ধ। এই মাটিতে বহু গুণী মানুষের পদধূলি পড়েছে। এখানকার বহু শিক্ষার্থী এখন সাহিত্য, সাংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতিসহ বিভিন্ন মাধ্যমে স্থান করে নিয়েছেন। আমরা গর্বিত। কলেজে ছাত্র-শিক্ষকের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমাদের কম্পিউটার ল্যাব ও ইন্টারনেট জোনও শিক্ষার্থীদের এগিয়ে নিতে সাহায্য করছে। বর্তমানে কলেজটি সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিংয়ে দ্বিতীয় অবস্থানে আছে। এই অগ্রযাত্রাকে আরও গতিময় করতে আমরা সব শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করছি। আশা করছি, সামনের বছরগুলোতে কলেজটি দেশের সেরা কলেজের স্থান দখল করবে।