তারকায় ভরপুর সাদার্ন ওয়ারিয়র্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ক্লাব সাদার্ন ওয়ারিয়র্সের খেলোয়াড়েরা l ছবি: সংগৃহীত
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ক্লাব সাদার্ন ওয়ারিয়র্সের খেলোয়াড়েরা l ছবি: সংগৃহীত

ক্রিকেটপ্রেমীরা ইয়াসির আলী চৌধুরী রাব্বির নাম শুনলেই চিনে ফেলার কথা। চট্টগ্রামের উদীয়মান ক্রিকেটারদের মধ্যে একনামেই তিনি পরিচিত। সর্বশেষ ছিলেন ইমার্জিং এশিয়া কাপে অংশ নেওয়া বাংলাদেশ দলের মূল স্কোয়াডে। খেলেছেন সেমিফাইনালের একটি ম্যাচও। ২০১৬ সালের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছে তরুণ ইয়াসিরের নাম। তামিম ইকবাল, মুমিনুল হকদের অনুপস্থিতিতে চট্টগ্রামের ব্যাটিংকে নেতৃত্ব দেন তিনি। ২০ বছর বয়সী এই ডান হাতি ব্যাটসম্যান গত মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে ৫৮ দশমিক ৫০ গড়ে করেন ৫৮৫ রান।

ক্রিকেটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি
ক্রিকেটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি

উদীয়মান মেধাবী ক্রিকেটার রাব্বি পড়ছেন চট্টগ্রামের সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ বিভাগের দ্বিতীয় সেমিস্টারে। তাঁর মতোই উদীয়মান আরেক ক্রিকেট খেলোয়াড় ইরফান শুক্কুরও এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। উইকেটকিপার ইরফানও বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের সদস্য। এ ছাড়া সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ সেমিস্টারে পড়ুয়া ইফতেখার সাজ্জাদ, ষষ্ঠ সেমিস্টারের কাজী কামরুল ইসলাম, আইন বিভাগের চতুর্থ সেমিস্টারের সাজ্জাদুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগে দ্বিতীয় সেমিস্টারের মো. বেলাল, এমবিএ দ্বিতীয় সেমিস্টারের মুজিবুর রহমান ও তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রতন দাশও দেশের উদীয়মান ক্রিকেটার হিসেবে পরিচিত। এ আটজনই সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ক্লাব সাদার্ন ওয়ারিয়র্সের সদস্য।

 যে ক্রীড়া ক্লাবে এতজন তারকা খেলোয়াড় রয়েছেন, সেই ক্রীড়া ক্লাব যে দেশের অন্যতম সেরা, তা চোখ বন্ধ করেই বলা যায়। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গঠিত হওয়া এই ক্লাবে বর্তমানে ৩৮ জন ক্রিকেটের, ১৪ জন ব্যাডমিন্টনের ও ২৬ জন ফুটবল খেলোয়াড় রয়েছেন। মুঠোফোন ও মাদকের প্রতি আসক্তি কাটিয়ে বর্তমান প্রজন্মের তরুণদের মাঠে ফিরিয়ে আনতেই সাদার্ন ক্রীড়া ক্লাব গঠন করা হয় বলে জানালেন ক্লাবের সভাপতি আলী ইকরামুল হক। তিনি সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।

আলী ইকরামুল হক আরও বলেন, ‘শুরুতে অনেক বাধা ছিল। সব বাধা ডিঙিয়ে আমরা এগিয়ে চলেছি। ইতিমধ্যেই সাদার্ন ওয়ারিয়র্সের উদ্যোগে তৃতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের। এ ছাড়া এই ক্লাবের উদ্যোগে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয় একবার করে।’

ক্রীড়া ক্লাবের নাম সাদার্ন ওয়ারিয়র্স কেন? এমন প্রশ্ন করতেই ক্লাব সভাপতি বলেন, খেলোয়াড়েরা সবাই এক ধরনের যোদ্ধা। খেলার মাঠে যাতে তাঁরা উদ্বুদ্ধ হন, সে কারণেই এমন নামকরণ। মাঝেমধ্যে নামই খেলোয়াড়দের প্রেরণা জোগায়।

নামের সার্থকতা খুঁজে পাওয়া গেল সাদার্ন ওয়ারিয়র্সের অর্জনেও। ক্লাবের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ চৌধুরী জানান, ঢাকায় অনুষ্ঠিত চলতি বছরের ক্লেমন ইনডোর আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে রানারআপ হয় সাদার্ন ওয়ারিয়র্স। দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশ নেয় এ প্রতিযোগিতায়। এ ছাড়া ২০১৬ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত দখিনা আন্তবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় দলটি। এই টুর্নামেন্টে বিজয়ী হওয়ার সুবাদে মালয়েশিয়া ও ভারতের ওডিশায় দুটি টুর্নামেন্ট খেলার সুযোগ পায় ক্লাবটি। অংশ নিয়েই মালয়েশিয়ায় ছয়টি দেশের ১৪টি ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনাল খেলে সাদার্ন ওয়ারিয়র্স। আর ওডিশায় ১২টি ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনালও খেলে ক্লাবটি। ২০১৫ সালে দখিনা আন্তবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরেও সেমিফাইনাল খেলে সাদার্ন ওয়ারিয়র্স। এ ছাড়া চট্টগ্রামের ঘরোয়া কয়েকটি টুর্নামেন্টেও সাফল্য পেয়েছে সাদার্ন ওয়ারিয়র্স।

ক্লাবের সভাপতি আলী ইকরামুল হক জানান ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। তিনি বলেন, খুব শিগগির ক্লাবের উদ্যোগে আয়োজন করা হবে নানা ধরনের ইনডোর গেমস। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আরেফিন নগরে তৈরি করা হচ্ছে দুই হাজার দর্শকসমৃদ্ধ একটি স্টেডিয়াম। তখন খেলাধুলায় আরও এগিয়ে যাবে সাদার্ন।