
টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের মাঠটা বিশাল বড়। ২১ আগস্ট ক্যাম্পাসে পা রেখে মনে হলো, বর্ষার বৃষ্টি কিংবা আমাদের আসার খবর—কোনটা পেয়ে কে জানে, মাঠের ঘাসগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে! মূল ভবনে তখন ক্লাস চলছে। যাঁদের ক্লাস নেই, তাঁদের পাওয়া গেল পুকুরপাড়, মাঠ, কড়িতলা, ক্যানটিনসহ কলেজের আশপাশের এলাকায়। আলাপ করব ভেবে পা বাড়াই।
‘আপনাদের কলেজের খবর প্রথম আলোর স্বপ্ন নিয়ে পাতায় ছাপতে চাই।’ শুনে বেশ খুশি হলেন হিসাববিজ্ঞান বিভাগের নূরে আলম, ইংরেজি বিভাগের ফারুক হোসেন ও শাহরিন রুপা। সুযোগ পেয়ে বললেন কলেজ নিয়ে তাঁদের গর্বের কথা। স্বপ্নের কথা। লেখাপড়া শেষ করে কে কীভাবে কর্মজীবনে দেশের জন্য অবদান রাখতে চান, সে প্রসঙ্গেও কথা হলো।
বহু বছরের পুরোনো কলেজটির দেয়ালে জড়িয়ে আছে অনেক ইতিহাস।
প্রতিষ্ঠার কথা
জমিদার ওয়াজেদ আলী খান পন্নী ১৯২৬ সালে করটিয়া সা’দত কলেজ প্রতিষ্ঠা করেন। বলা হয়, অবিভক্ত বাংলায় মুসলমানদের উদ্যোগে স্থাপিত প্রথম কলেজ এটিই। ১৯২৬ সালের শুরুতেই করটিয়াতে কলেজ স্থাপনের উদ্যোগ শুরু হয়। ওয়াজেদ আলী খান পন্নী তাঁর সুবিশাল জমিদারির একটা বড় অংশ কলেজের জন্য ওয়াক্ফ করে দেন। তাঁকে কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগিতা করেন অধ্যক্ষ ইব্রাহিম খাঁ।
ওয়াজেদ আলী খান ও ইব্রাহিম খাঁর প্রচেষ্টায় বাংলা সরকারের শিক্ষা বিভাগ ও কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯২৬ সালের মে মাসে করটিয়াতে কলেজ স্থাপনের অনুমতি দেয়। প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ওয়াজেদ আলী খানের পিতামহ সা’দত আলী খান পন্নীর নামানুসারে। সে বছর জুলাই মাসে নয়টি বিভাগ, আটজন শিক্ষক ও ১০৮ জন ছাত্র নিয়ে সা’দত কলেজের যাত্রা শুরু হয়। শুরু থেকেই পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও মানসিক বিকাশের অন্যতম কেন্দ্র হিসেবে এলাকায় পরিচিতি লাভ করে এই প্রতিষ্ঠান। সেই সুনাম এখনো আছে। বর্তমানে এই কলেজে ১৮টি বিষয়ে সম্মান, ১৩টি বিষয়ে স্নাতকোত্তর ও স্নাতক (পাস) কোর্স চালু রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫ হাজার।

সমস্যা, তবু সাফল্য
প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ১০ হাজারের বেশি ছাত্রী, কিন্তু ছাত্রীনিবাসে মাত্র ৪০০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। ছাত্রদের দুটি হোস্টেলে ৮০০ ছাত্র থাকতে পারেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, আবাসিক সংকটের পাশাপাশি যাতায়াত নিয়েও ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। কলেজটি টাঙ্গাইল শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। ওদিকে বেশির ভাগ শিক্ষার্থীই আসেন টাঙ্গাইল শহর থেকে। এ ছাড়া আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও ছাত্রছাত্রীরা আসেন। এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর যাতায়াতের জন্য বাস আছে মাত্র চারটি। পাবলিক বাসে বাদুড়ঝোলা হয়েই অনেক শিক্ষার্থীকে যাতায়াত করতে হয়। যাতায়াত আর আবাসন সমস্যায় ভুগছেন শিক্ষকেরাও। এ ছাড়া শিক্ষার্থীরা জানালেন তাঁদের ক্লাসরুম ও শিক্ষক সংকটের কথা।
নানা সমস্যা থাকলেও সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পরীক্ষাতেই ভালো ফলাফল করছেন বলে জানালেন অধ্যক্ষ মো. রেজাউল করিম। তিনি জানান, সদ্য প্রকাশ হওয়া ৩৫তম বিসিএসের ফলাফলে দেখা গেছে, এ কলেজের সাতজন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে চাকরির জন্য মনোনীত হয়েছেন।
প্রাণের ক্যাম্পাস
প্রায় ৩৭ একরের বিশাল ক্যাম্পাসের পূর্ব ও পশ্চিম পাশে দুটি বড় পুকুর আছে। নানা রকম গাছগাছালিতে ভরা শান্ত পরিবেশ। গাছের ফাঁকে ফাঁকে রয়েছে বসার ব্যবস্থা। কলেজের মূল ভবনের সামনে কথা হয় বাংলা বিভাগের আল আমিন, ইংরেজি বিভাগের নাদিয়া আফরিন ও আবদুল জলিলের সঙ্গে। সবাই তৃতীয় বর্ষে পড়ছেন। আল আমিন বলেন, ‘আমাদের ক্যাম্পাসে রাজনৈতিক কোন্দল তেমন একটা নেই। সবার সঙ্গেই সবার বন্ধুত্বের সম্পর্ক।’ বাইরে থেকে অনেকে তাঁদের ক্যাম্পাসে ঘুরতে আসেন, ব্যাপারটা ভালো লাগে বলে জানালেন নাদিয়া আফরিন। আর আবদুল জলিলের বক্তব্য, ‘ক্যাম্পাসে ওয়াইফাই সংযোগ থাকলে ভালো হতো। তথ্যপ্রযুক্তির সুবিধাগুলো আমরা আরও বেশি কাজে লাগাতে পারতাম।’
নতুন একাডেমিক ভবনে গিয়ে দেখা গেল, ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা তাঁদের সেমিনার রুমে প্রবন্ধ নিয়ে আলোচনা করছেন। এখানে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ‘অ্যাসোসিয়েশন অব ইংলিশ ডিপার্টমেন্ট’ (এইডি) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সমন্বয়কের দায়িত্বে আছেন এই বিভাগের প্রভাষক কুশল ভৌমিক। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি বিষয়ের ওপর প্রবন্ধ পাঠ ও আলোচনার আয়োজন করা হয়।’ সংগঠনের সভাপতি রাকিব হাসান বলছিলেন, ‘শুধু পাঠ্যবইয়ের বিষয় নয়, বাইরের অনেক বিষয় নিয়েই আমরা আলোচনা করি। আশা করছি, ভবিষ্যতে চাকরির পরীক্ষায় এই সংগঠনের অভিজ্ঞতা কাজে লাগবে।’
কলেজে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। আন্তবিভাগ টুর্নামেন্টগুলোর আয়োজন কলেজের শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে করেন। বিএনসিসি, রোভার স্কাউট, বাঁধন, শিল্পলোকসহ বিভিন্ন সংগঠন আছে। এই জেলার সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়াঙ্গনসহ যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে সা’দত কলেজের শিক্ষার্থীদের সরব উপস্থিতি সবাইকে আলোড়িত করে।

শিক্ষার্থীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে
মো রেজাউল করিম
অধ্যক্ষ, সরকারি সা’দত কলেজ
ক্লাসে উপস্থিতি বাড়াতে ও লেখাপড়ায় উৎসাহ দিতে আমাদের কলেজের শিক্ষার্থীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক বর্ষে অভ্যন্তরীণ পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। আমরা দেখেছি, এতে লেখাপড়ার প্রতি তাঁদের আগ্রহ বাড়ছে। শিগগিরই আমাদের কলেজে একটি মেডিকেল সেন্টার চালু করা হবে।