তিন তার্কিক তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিত প্রামাণিক, সৈয়দ মো. মুক্তাদির ও সাইয়ান সাদিক
অমিত প্রামাণিক, সৈয়দ মো. মুক্তাদির ও সাইয়ান সাদিক

‘অবরুদ্ধ গণতন্ত্র, তবু হৃদয় উন্মুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছিল প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসব। শেষ হলো ১ আগস্ট। কলেজ পর্যায়ে অংশ নেওয়া ১৬টি কলেজের মধ্যে প্রথম হয়েছে যে দল, তার নাম জেডিসি-১ (যোসেফাইট ডিবেটিং ক্লাব ১)। শুধু প্রথম হয়েছে বলেই নয়, আরও একটি কারণে জেডিসি-১-এর জন্য এই প্রতিযোগিতা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। অমিত প্রামাণিক, সৈয়দ মো. মুক্তাদির ও সাইয়ান সাদিক—দলের তিন সদস্য একসঙ্গে জোট বেঁধে বিতর্ক করছেন দুই বছর ধরে। একসঙ্গে সম্ভবত এটাই ছিল তাঁদের শেষ লড়াই। গত দুই বছরে জেডিসি-১ কলেজের হয়ে বেশ কিছু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রেসিডেনসিয়াল মডেল কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল, ফজলুল হক হল আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে অংশ নিয়েছেন সাইয়ান সাদিক ও তাঁর দল। চ্যাম্পিয়ন হয়েছেন আটটি প্রতিযোগিতায়, এ ছাড়া রানার্সআপ দুটিতে। কলেজ-জীবনটা তাই দারুণ কিছু স্মৃতি জমিয়ে রাখল তিন বন্ধুর জন্য।
সৈয়দ মো. মুক্তাদির বলছিলেন, ‘কলেজ-জীবনের শেষে এসে আরেকটা বিতর্ক উৎসবে অংশ নেওয়ার সুযোগ হবে, ভাবিনি। আমাদের তিনজনের দলটা শেষ প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছে, তাই ভালো লাগছে।’ এখন একই দলের সদস্য হলেও স্কুলে পড়ার সময় সাইয়ান সাদিক ছিলেন মুক্তাদিরের প্রবল প্রতিপক্ষ। এ তথ্যটা সাইয়ান নিজেই জানালেন। আরও বললেন, ‘আমাদের তিনজনের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো ছিল। “চ্যালেঞ্জ বিতর্ক” খুব ভালো করতাম। চোখের ইশারায় বুঝে নিতাম, কে কী বলতে চাইছে।’ এখন তিনজনের তিন লক্ষ্য। মুক্তাদিরের ইচ্ছে মেডিকেলে পড়বেন। অমিত চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে। ওদিকে সাইয়ান হয়তো পড়ালেখার জন্য চলে যাবেন দেশের বাইরে।
বোঝাপড়া প্রসঙ্গেই ক্রিকেটের সঙ্গে তুলনাটা চলে এল। ‘পার্টনারশিপ’ ব্যাপারটা যে বিতর্কেও গুরুত্বপূর্ণ! ‘তামিম ইকবাল-সৌম্য সরকার’ জুটির মতো আপনারাও কি বিতর্কের মঞ্চে প্রতিপক্ষের জন্য আতঙ্ক ছিলেন? সাইয়ান বললেন, ‘অতটা না হলেও কিছুটা তো ছিলামই।’ বিপক্ষ দলগুলোর কি এখন খুশি হওয়া উচিত, এত দারুণ একটা দল ভেঙে গেল বলে? সাইয়ান সাদিক অবশ্য এ কথা মানতে নারাজ। বললেন, ‘সেন্ট জোসেফে আরও অনেক ভালো ভালো দল আছে। আমরা না থাকলেও ওরা নিশ্চয়ই আমাদের চেয়েও ভালো করবে।’