সাবেক অনুষদ সদস্য, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে ২১ নভেম্বর থেকে। সমাপনী পরীক্ষার জন্য সব বিষয়ের প্রণীত প্রশ্নপত্রে চলতি ২০১২ সাল থেকে পর্যায়ক্রমে যোগ্যতাভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত হবে। তাই ২০১২ সালে সব বিষয়ের প্রশ্নপত্রে ১০ নম্বরের যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনী অভীক্ষা পদ সংযোজন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সব বিষয়ে এক-দশমাংশ নম্বরের প্রশ্ন (অভীক্ষা পদ) নতুন ধারায় প্রণয়ন করা হবে। এটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ভয় পাওয়ার কিছু নেই। কোমলমতি শিশুরা অনেক বছর আগে থেকেই প্রাথমিক বৃত্তি ও সমাপনী পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নে উত্তর করে আসছে। বিষয়টি তাদের কাছে নতুন নয়, এ বছরের প্রশ্নপত্রে অন্তর্ভুক্ত বহুনির্বাচনী অভীক্ষা পদগুলো (প্রশ্নগুলো) Item Construct-এর কিছু স্বীকৃত নিয়ম-পদ্ধতি অনুসরণ করে মানসম্মত করা হয়েছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বেশ আগ্রহ ও আনন্দ সহকারে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনী অভীক্ষা পদগুলোর উত্তর প্রদান করেছে। আশা করা যাচ্ছে, এ বছর পঞ্চম শ্রেণীর ২৬ লাখ ৫০ হাজার শিক্ষার্থী আনন্দ-আগ্রহ নিয়ে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনী অভীক্ষা পদের উত্তর প্রদান করে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে।অভিভাবকদের কাছে অনুরোধ। পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিশুদের চাপ দেওয়া থেকে বিরত থাকুন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বা ফলাফল ভালো করার বিষয়টি শিশুকে তার নিজের দায়িত্ব হিসেবে বিবেচনার জন্য আগ্রহী করে তুলুন। শিশুকে তার নিজের লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য কার্য সম্পাদনে সক্ষম করে নিজস্ব জ্ঞান, দক্ষতা বৃদ্ধি করতে শিশুকে সহায়তা করুন। শিশুকে চাপমুক্ত থাকতে সহযোগিতা করুন। পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে শিশু যাতে স্বতঃস্ফূর্ত থাকতে পারে, সে পরিবেশ তৈরি করুন। শিশুকে তার শৈশব ও কৈশোর উপভোগ করতে দিন।পরীক্ষায় প্রথম হতে হবে, ৯০ শতাংশ নম্বর পেতে হবে, বৃত্তি পেতে হবে, তোমার ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল ৯৫ শতাংশ নম্বর পেতে পারলে তুমি কেন পারবে না! অভিভাবকদের এ ধরনের প্রত্যাশা বা নির্দেশ শিশুর মনে একধরনের চাপ তৈরি করে, যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য বাধা হতে পারে। এ পরিস্থিতি অনেক সময় আপনার শিশুর শারীরিক অসুস্থতা ডেকে আনতে পারে। পরীক্ষা প্রস্তুতির প্রক্রিয়ায় চাপমুক্ত পরিবেশ শিশুর সার্বিক বিকাশ এবং পরবর্তী শিক্ষাজীবনে সাফল্য বয়ে আনবে। দরকারি কথা হলো, মনোসামাজিক চাপমুক্ত অবস্থায় শিশু তার সামর্থ্যের সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করতে সক্ষম। শিশুকে শারীরিক-মানসিকভাবে সুস্থ ও চাপমুক্ত রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ রইল।প্রিয় শিক্ষার্থী, তোমরা এগিয়ে যাও, তোমাদের সামনে রয়েছে সোনালি ভবিষ্যৎ।