প্রিয় পরীক্ষার্থী, আগামীকাল সোমবার। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ‘বাংলা’ বিষয়ের পরীক্ষা।
মনে রেখো, বাংলা ১০০ নম্বরের জন্য ১৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। সময় কিন্তু মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট। সময় বিভাজনে সচেতন থেকো। আশা করি তোমার প্রস্তুতি যথেষ্ট ভালো। প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করার জন্য এই সময়ে তোমার করণীয় কী জেনে নাও।
# গতকালের ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে তার কথা একেবারেই মাথায় রাখবে না।
# বাংলা বিষয়ের প্রশ্নকাঠামো হাতের কাছে রেখে দেখে নাও পাঠ্যসূচির কোনো অংশ রিভিশনের বাকি আছে কি না। যদি কোনো অংশ অধিক রিভিশনের প্রয়োজন হয়, তা পড়ে নাও।
# নতুন কোনো পড়া তৈরি করতে যেয়ো না। যা পড়েছ, তাই ভালো করে রিভিশন দাও।
# শব্দের কঠিন বানানগুলো কয়েকবার লিখে ঠিক করে নাও।
# বাংলা পাঠ্যবইয়ের প্রতিটি গল্প, প্রবন্ধ, নাটিকা ভালো করে দেখে নাও।
# কবিতার লাইনগুলো যথার্থভাবে মনে রাখার জন্য কয়েকবার রিভিশন দাও। কবির নাম ও কবিতার নামের সঠিক বানান নিশ্চিত হয়ে নাও।
# ‘পাঠশিখি’ অংশের শব্দার্থগুলো ভালোভাবে দেখে নাও। কারণ, ‘পাঠশিখি’ অংশের শব্দার্থ থেকেই বেশির ভাগ ‘সমার্থক শব্দ’ ‘শব্দ বানান’, ‘এক কথায় প্রকাশ’, ‘বিপরীত শব্দ’, ‘পদ নির্ণয়’, ‘ক্রিয়া পদের চলিত রূপ’ ইত্যাদি এসে থাকে।
# বাংলা পাঠ্যবইয়ের ‘পাঠশিখি’ অংশে দেওয়া বিপরীত শব্দ, সমার্থক শব্দ, পদ নির্ণয় ভালো করে শেখা আছে কি না যাচাই করে নাও।
# তোমার শেখা পাঠ্যবইয়ের গদ্যাংশ ও কবিতাংশের প্রশ্নোত্তরগুলো রিভিশন দিয়ে নাও।
# কবিপরিচিতি অংশটুকুও চোখ বুলিয়ে নাও।
# ‘বিরামচিহ্নের ব্যবহার’ সম্পর্কিত প্রশ্নটির যথাযথ উত্তর লেখার জন্য পাঠ্যবইয়ের প্রতিটি গল্প, প্রবন্ধ, নাটিকা ও কবিতার মূলভাব অংশের ব্যবহূত কমপক্ষে পাঁচটি, সর্বাধিক দশটি বিরামচিহ্ন আছে, এমন অনুচ্ছেদগুলো ভালো করে দেখে নাও।
# বাংলা রচনা ও ফরম পূরণ ভালো করে চোখ বুঝিয়ে যাও।
পরীক্ষার হলে করণীয়
# প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পুরো প্রশ্ন একবার সম্পূর্ণ প্রশ্ন চোখ বুলিয়ে যাও।
# যোগ্যতাভিত্তিক প্রথম অনুচ্ছেদ বা কবিতাংশ মন দিয়ে পড়বে। প্রশ্নকাঠামো অনুসারে ১ নম্বর প্রশ্নের ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’-এর উত্তর কিন্তু প্রদত্ত অনুচ্ছেদ বা কবিতাংশের মধ্যেই লুকিয়ে আছে।
# প্রশ্ন ক্রমিক ১, ২, ৩, ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর লেখায় ধারাবাহিকতা যেন ঠিক থাকে, সেদিকে খেয়াল রাখবে।
# প্রশ্ন ক্রমিক ৬, ৭, ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর লেখায় ধারাবাহিকতা রেখে উত্তর লিখবে।
# রচনার শিরোনাম সঠিকভাবে লিখবে। উপশিরোনামের নিচে আন্ডারলাইন করবে।
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা