দশ বছরে দশ দিকে

‘কী চমৎকার গল্প!’ ‘কী দারুণ অভিনয়!’ এমন সব প্রতিক্রিয়া শোনা যাচ্ছিল দর্শকসারি থেকে। কারও কারও চোখে পানি! কেউ বাক্রুদ্ধ। তারপর তালির বর্ষণ। নাটকের নাম মনোবৈকল্য। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ১০ বছর পূর্তির উৎসব ‘দশে ১০’-এর রচনা ও নির্দেশনা দিয়েছেন বিভাগেরই শিক্ষার্থী সৃষ্টি ঘটক।
বিভাগটির ১০ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে ৪ জুন শনিবার শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে। দিনব্যাপী উৎসবের প্রথম পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান। ‘বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ও সংবাদ-সজ্ঞানতা’ শীর্ষক আলোচনার মূল বক্তা ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক মো. গোলাম রহমান। আলোচনা শেষে ‘দশ বছরে দশ দিকে’ শিরোনামের একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন বিভাগের উপদেষ্টা অধ্যাপক সাখাওয়াত আলী খান। এরপর কেক কেটে প্রথম পর্বের সমাপ্তি হয়।
দ্বিতীয় পর্ব শুরু হয় বিভাগের প্রয়াত শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে। এরপর প্রিয় বিভাগকে নিয়ে শিক্ষার্থীদের তৈরি একটি স্বল্পদৈর্ঘ্য ছবি ও একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। নাচ, গান, আবৃত্তি, নাটক, কৌতুক, স্মৃতিচারণা আর র্যা ফেল ড্রর মধ্য দিয়ে শেষ হয় উৎসবের। সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভিন্ন ধারার র্যা ম্প মডেলিং। একই মঞ্চে হেঁটেছেন অপু-হৈমন্তী, মৃত্যুঞ্জয়-বিলাসী, হিমু-রুপাসহ বাংলা সাহিত্যের কালজয়ী কিছু চরিত্র। সঙ্গে ছিল রাবীন্দ্রিক আবহ সংগীত আর পর্দার পেছন থেকে সেই সব চরিত্রের কিছু চেনা কথোপকথন। পুরো উৎসবেই শিক্ষার্থীরা এভাবে বাংলার সংস্কৃতিকে তুলে ধরেছেন। এর আগে উৎসবের অংশ হিসেবে ২ জুন ঢাকঢোল বাজিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সবাইকে মিষ্টিমুখ করান। তাঁদের মূল স্লোগান ছিল ‘দশ বছরে দশ দিকে’। অর্থাৎ ১০ বছরে এই সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ যে স্বপ্ন বুনেছে—শিক্ষার্থীরা তাঁদের মেধা নিয়ে ছড়িয়ে পড়বেন নানান দিকে।