
দি ইনোসেন্ট ফাইন্ডার
চিত্রনাট্য: বাংলাদেশ সরকার
পরিচালক: দুদক
শ্রেষ্ঠাংশে: বাংলাদেশ ও কানাডিয়ান অভিনেতা
প্রযোজক: অর্থ মন্ত্রণালয়
সেন্সর বোর্ড: বিশ্বব্যাংক
দৃশ্য এক
দুদকের কয়েকজন কর্মকর্তা পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে কি না, তা সরেজমিন দেখার জন্য পদ্মা নদীর পাড়ে যাবেন। কিন্তু সেখানে দুর্নীতির দেখা পাওয়া দূরে থাক, কোনো সেতুরই দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরে আসবেন!
দৃশ্য দুই
এবার তাঁরা পদ্মা সেতুর নকশা আর কাগজপত্রে দুর্নীতি খোঁজার চেষ্টা করবেন। অণুবীক্ষণযন্ত্র দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নকশা আর কাগজপত্র পরীক্ষা করবেন তাঁরা। কিন্তু কোথাও ‘দুর্নীতি’ লেখাটি খুঁজে পাবেন না। এমনকি ইংরেজিতে লেখা কাগজপত্র ঘাঁটাঘাঁটি করে ‘কো–অপারেশন’, ‘কমিশন’, ‘করপোরেশন’ শব্দগুলো খুঁজে পেলেও কোথাও ‘করাপশন’ শব্দটির দেখা পাবেন না! তীব্র হতাশার মধ্যে পড়ে যাবেন সবাই।
দৃশ্য তিন
একজন ‘ইউরেকা! ইউরেকা!’ বলে চিৎকার করে উঠবেন। কারণ, তিনি বুঝতে পারবেন, দুর্নীতি কেবল দেখার বিষয় নয়, দুর্নীতির তো গন্ধও পাওয়া যায়। তাই এবার তাঁরা চোখ, কান বুজে কেবল নাক দিয়ে কাগজপত্রের কোথাও দুর্নীতির গন্ধ পাওয়া যায় কি না, সেটা বোঝার চেষ্টা করবেন!
দৃশ্য চার
এভাবেও ব্যর্থ হওয়ার পর নাক–কান–গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন তাঁরা। তাঁদের নাক গন্ধ পাওয়ার মতো যথেষ্ট উপযোগী কি না, তা পরীক্ষা করলেই জানা যাবে আসল রহস্য।
দৃশ্য পাঁচ
নাক–কান–গলা–মস্তিষ্ক—সব ঠিকঠাক আছে, এমন রিপোর্ট আসার পর তাঁরা নিশ্চিত হবেন পদ্মা সেতু প্রকল্পের কোথাও কোনো দুর্নীতি হয়নি, একচুল পরিমাণও নয়!
শেষ দৃশ্য
সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ‘দ’–ও হয়নি। তাই সবাই এমন ভিত্তিহীন, অবমাননাকর দায় থেকে মুক্ত! বাচ্চারা, জোরসে তালিয়া মারো!
সিনেমাটি থেকে যা শিক্ষণীয়: চিত্রনাট্যকার যেভাবে লিখবেন আর পরিচালক যেভাবে পরিচালনা করবেন, সিনেমা তো সে রকমই হবে, নাকি?