সুপ্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নাও। ভূগোল একটি গতিশীল বিজ্ঞান। প্রতি মুহূর্তে এটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ চিত্র, উপাত্ত, তথ্য পরিবর্তনশীল। ভূগোল প্রথম ও দ্বিতীয় পত্রের বিষয়ে প্রাসঙ্গিক চিত্র অবশ্যই দিতে হবে এবং চিত্রগুলো যেন সুন্দর হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। # প্রশ্ন পাওয়ার পর প্রশ্নটা ভালোভাবে পড়ে নাও। তারপর ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নগুলো, যেগুলো তুমি ভালো লিখতে পারবে, যেগুলো সুন্দর করে প্রয়োজনীয় চিত্রসহ লিখে ফেলো।# মনে রাখবে, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেন প্রাসঙ্গিক হয়। # রচনামূলক প্রশ্নগুলো ভালোভাবে এক এক করে লিখে ফেলো। এ ক্ষেত্রে যে কয়টি অংশ থাকে পৃথক প্যারায় বা পয়েন্টে, সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে।# অপেক্ষাকৃত কম জানা প্রশ্নগুলো সবার শেষে লিখবে।# ভূগোল দ্বিতীয় পত্রে আঞ্চলিক এবং অর্থনৈতিক বিষয় পড়ানো হয় বলে এ ক্ষেত্রে মানচিত্র অঙ্কন জরুরি। বিশেষ করে পৃথিবীর মানচিত্র এবং বাংলাদেশের মানচিত্র আঁকা জরুরি।# মানচিত্রের সঙ্গে প্রশ্নের উত্তরে সর্বশেষ উপাত্ত যোগ হওয়া উচিত। যেমন: পৃথিবীর ধান উৎপাদনের উপাত্ত হিসাবে অন্তত ২০০৯ সালের উপাত্ত ব্যবহার করা উচিত। এ ক্ষেত্রে ২০০৫ সালের উপাত্ত কোনো অবস্থায়ই কাম্য নয়।# উপাত্তের পাশাপাশি প্রয়োজনীয় লেখচিত্র অর্থাৎ দণ্ডচিত্র অঙ্কন করে দিতে পারলে খুবই ভালো হয়।# প্রতিটি উপাত্ত ব্যবহার করার সময় উপাত্তের নিচে অর্থাৎ সারণির নিচে উপাত্তের উৎস লিখে দিতে হবে। তা না হলে সেই উপাত্ত মূল্যহীন।# ভূগোল প্রথম পত্রে ছয়টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়। এ ক্ষেত্রে একজন শিক্ষার্থী এ ছয়টি প্রশ্নের উত্তর লেখার জন্য সর্বোচ্চ এক ঘণ্টা সময় পাবে। বাকি তিনটি বড় প্রশ্নের জন্য এক ঘণ্টা ৪০ মিনিট এবং অবশিষ্ট ২০ মিনিট চিত্রের কালার সমন্বয় করা। খাতায় প্রশ্নের নম্বরে উত্তরগুলো প্রতিটি পয়েন্টে মার্কার দ্বারা চিহ্নিত করাসহ আনুষঙ্গিক অন্যান্য কাজ এবং উত্তরপত্রের পুরো রিভিশন দেওয়া—এ পরিকল্পনায় উত্তরটা সাজালে অবশ্যই এ বিষয়ে পূর্ণ নম্বর পাওয়ার নিশ্চয়তা থাকে।