দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ ও পাসের হার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফলাফল জানার পর রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে দিনাজপুর বোর্ডে শীর্ষস্থান অর্জন করেছে কলেজটি l ছবি: প্রথম আলো
ফলাফল জানার পর রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে দিনাজপুর বোর্ডে শীর্ষস্থান অর্জন করেছে কলেজটি l ছবি: প্রথম আলো

গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্র, আটটি বোর্ডের তৈরি করা প্রশ্ন লটারির মাধ্যমে নির্বাচন, নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে সময়স্বল্পতা, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি কারণে চলতি এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে পাসের হার কমেছে। গতকাল শনিবার দুপুরে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় অস্থায়ী কার্যালয়ে ফলাফল ঘোষণাকালে বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফারাজ উদ্দিন তালুকদার এ কথা জানান।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০১৪ সালে বোর্ডের পাসের হার ছিল ৯৩ দশমিক ২৬ এবং তার আগের বছর ছিল ৯০ দশমিক ৬০ ভাগ। কিন্তু এ বছর পাসের হার ৮৫ দশমিক ৫০ ভাগে নেমে এসেছে।
২০১৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ১৮৬ জন, ২০১৪ সালে ১৪ হাজার ৮২৭ জন। আর এ বছর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮৪২ জন; যা গত বছরের চেয়ে ৩ হাজার ৯৮৫ জন কম।
বিগত দুই বছরের মতো বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ২০১৩ সালে ১ লাখ ১ হাজার ৯৪৬ জন, ২০১৪ সালে ১ লাখ ১৮ হাজার ৯৬৬ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৩২ জনে।
পাসের হার কমে যাওয়ার সম্ভাব্য কারণ উল্লেখ করে বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, মন্ত্রণালয় ঘোষিত নিয়ম অনুযায়ী এ বছর কোনো শিক্ষা বোর্ড নিজেদের তৈরি করা প্রশ্নপত্র অনুযায়ী পরীক্ষা নিতে পারেনি। দেশের আটটি বোর্ড পৃথক প্রশ্নপত্র তৈরি করে। এরপর নিজের করা প্রশ্নপত্র বাদ দিয়ে সাতটি বোর্ডের প্রশ্নপত্র নিয়ে লটারি হয়। সেই লটারি অনুযায়ী নির্বাচিত প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে।
বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কোনো বোর্ডে ২০১৪ সালের কোনো প্রশ্ন ২০১৫ সালে রাখার বিধান ছিল না। কিন্তু দেখা গেছে, ২০১৪ সালের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা সেগুলো বাদ দিয়ে প্রস্তুতি নিয়েছে। কিন্তু এ বছর লটারির মাধ্যমে নির্বাচিত অন্য বোর্ডের প্রশ্নপত্র অনুযায়ী পরীক্ষা নিতে গিয়ে দেখা যায়, ২০১৪ সালে দিনাজপুর বোর্ডের অনেক প্রশ্ন ২০১৫ সালেও কমন এসেছে। কারণ, ২০১৪ সালে যে প্রশ্নগুলো দিনাজপুর বোর্ডের জন্য কমন ছিল, অন্য বোর্ডের ক্ষেত্রে সেগুলো ছিল না। ফলে অন্য বোর্ডের প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে গিয়ে দিনাজপুর বোর্ডের পরীক্ষার্থীরা বিপাকে পড়ে।
ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ২০০৯ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই বছর বোর্ডের অধীন আটটি জেলা থেকে ২ হাজার ৩২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। ওই বছর মাত্র একটি স্কুল থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। পরের বছর ২ হাজার ৩৩৭টি স্কুল পরীক্ষায় অংশ নেয়। শূন্য পাসের হারের তালিকায় ছিল দুটি স্কুল। কিন্তু ২০১১ সালে ২ হাজার ৩৫৩টি স্কুল ও ২০১২ সালে ২ হাজার ৩৯৭টি স্কুল পরীক্ষায় অংশ নেয়। শূন্য পাসের হারের তালিকায় কোনো স্কুল ছিল না। ২০১৩ সালে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা বেড়ে হয় ২ হাজার ৪৫৬ ও ২০১৪ সালে ২ হাজার ৫১০ হয়। এই দুই বছর একটি করে স্কুল শূন্য পাসের তালিকায় ছিল। কিন্তু ২০১৫ সালে ২ হাজার ৫৫০টি স্কুল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাঁচটি স্কুল থেকে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি।