দিনাজপুর সরকারি কলেজে পাসের হার ৯৫ দশমিক ৯৬

২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর সরকারি কলেজ থেকে ৮৬৬ জন পরীক্ষা দিয়ে ৮৩১ জন পাস করেছেন। পাসের হার ৯৫ দশমিক ৯৬। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৭২ জন। কলেজটির অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক দাবি করেন, রংপুর বিভাগের মধ্যে এত বেশিসংখ্যক পরীক্ষায় অংশ নিয়ে এ ধরনের ফল করেছেন, এমন একটি কলেজও নেই।
দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. মোজাম্মেল হক বলেন, তাঁর কলেজ থেকে মোট ৯২৪ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৯২ জন ও মানবিক বিভাগ থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছেন। ৯২ ভাগ পরীক্ষার্থী পাস করেছেন বলে তিনি জানান।
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হলিল্যান্ড কলেজ থেকে ১৯৬ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। এর মধ্যে ১৩০ জন জিপিএ-৫, ৬৪ জন ‘এ’ ও দুজন ‘এ-’ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার সময় শহরের বালুবাড়ী এলাকায় কলেজটির প্রধান ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ক্যাম্পাসজুড়ে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। ছেলেমেয়েরা হাতে হাত ধরে নেচে-গেয়ে, কেউ বা একে অপরকে মিষ্টি খাইয়ে, দল বেঁধে সেলফি তুলে আনন্দ করছেন।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী তপন চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘ভালো ফলের জন্য প্রয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সমন্বিত প্রয়াস। আমাদের কলেজে সেই পরিবেশটা চমৎকার।’ তপন ভবিষ্যতে প্রকৌশলী হতে চান।

আরেক শিক্ষার্থী নূর-ই-জান্নাত বলেন, ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এ রকম আন্তরিক ও দায়িত্বশীল হলে ফল ভালো না হয়ে পারে না।’
কলেজটির অধ্যক্ষ মো. আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের দর্শন হলো ক্লাসনির্ভর পাঠদান। আমাদের একজন শিক্ষার্থীও ক্যাম্পাসের বাইরে কোচিং বা প্রাইভেট পড়ে না। শতভাগ ক্লাস হয়। শিক্ষকেরা জানেন প্রত্যেক শিক্ষার্থীর দুর্বলতা। সেই অনুযায়ী শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে তোলার দায়িত্ব পালন করেন শিক্ষকেরা। নিজেদের দর্শন অনুসরণ করে আমরা সফল হয়েছি।’
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মো. আমিনুল হক সরকার প্রথম আলোকে বলেন, বোর্ডের কোন কলেজ শ্রেষ্ঠ, তার মান নির্ণয় করা হয় না। ফলাফল তুলনামূলক বিচার করে বলা যাবে কোন শিক্ষাপ্রতিষ্ঠান সার্বিক বিবেচনায় সবচেয়ে ভালো করেছে। কিন্তু শিক্ষা বোর্ড এ ধরনের কোনো মূল্যায়ন করবে না।