দিনাজপুরে তিন বছরের সবচেয়ে খারাপ ফল
পাসের হার, জিপিএ-৫-এর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যাসহ বিভিন্ন সূচকে গত তিন বছরের চেয়ে এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ড পিছিয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, অন্যান্য বছরের চেয়ে এ বছর পাসের হার কমেছে। গতকাল রোববার দুপুরে শহরের বালুবাড়ী এলাকায় বোর্ড কার্যালয়ে ফলাফল ঘোষণার সময় তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পূর্বঘোষণা অনুযায়ী এ বছর ফলাফল বিবরণীতে বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেওয়াা হয়নি।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার বেশি হলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেরা বেশ এগিয়ে আছেন। মেয়েদের পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ আর ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৪০ শতাংশ। ৮৮৭ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া ছেলের সংখ্যা ১ হাজার ৫০৮ জন।
এবারের ফলাফলের উল্লেখযোগ্য দিকগুলোর অন্যতম হলো, মোট পরীক্ষার্থীর ১৫ দশমিক ২১ শতাংশ, অর্থাৎ ১৩ হাজার ৫৩৭ জন এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। মো. তোফাজ্জুর রহমান জানান, এ বছর প্রতিটি বোর্ডের শিক্ষার্থীরা প্রথমবারের মতো লটারির মাধ্যমে অন্য বোর্ডের করা প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দিয়েছে। তা ছাড়া প্রথমবারের মতো গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্ন হয়েছিল। এই দুটি কারণে বোর্ডে পাসের হার কমেছে বলে মন্তব্য করেন তিনি।
ঘোষিত ফলাফলে দেখা যায়, এ বছর এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের আটটি জেলার ৫৮৪টি কলেজ থেকে ৯০ হাজার ৭২৪ জন অংশ নিয়েছিল। পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৩৯৫ জন। গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ১৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ৪৭৪ জন। ২০১৩ সালে পাসের হার ছিল ৭১ দশমিক ৯৪ শতাংশ। আর ২০১২ সালের এই হার ছিল ৭৫ দশমিক ৪১ শতাংশ।
এবার ২২টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। পাঁচটি কলেজের একজনও পাস করতে পারেনি। বোর্ডের উপসচিব আবদুর রাজ্জাক বলেন, যে কলেজগুলো থেকে একজনও পাস করতে পারেনি, তাদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে।