সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যচিত্র উত্সব। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’ এ উত্সবের আয়োজন করেছে।ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে উত্সবের উদ্বোধন করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ইয়াসমিন হক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিমাদ্রী শেখর রায় ও মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা সিদ্দিকা প্রমুখ। উত্সবের প্রথম দিন সন্ধ্যায় ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী ও সংগঠক সুহাসিনী দাসকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নিভৃতচারিণী’ এবং সুরসাধক পণ্ডিত রামকানাই দাসকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘সুরের পথিক’ প্রদর্শিত হয়।উত্সবের দ্বিতীয় দিন বিকেল সাড়ে পাঁচটায় রয়েছে বাউলসম্রাট শাহ আবদুল করিমকে নিয়ে ‘কেমনে চিনিব তোমারে’ তথ্যচিত্রের প্রদর্শনী। তিনটি তথ্যচিত্রেরই নির্মাতা নিরঞ্জন দে। অনুষ্ঠানের সমাপনী দিনে রয়েছে বাউল গানেরও আয়োজন।