দুই ধাপ পিছিয়েছে ভিকারুননিসা

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ ঢাকা বোর্ডে দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে। গত বছর কলেজটি তৃতীয় স্থানে ছিল।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘পজিশনে সব সময় একই জায়গায় থাকতে হবে, এমন কোনো কথা নেই। অনেক নতুন শিক্ষাপ্রতিষ্ঠান পজিশনে আসছে, তাদের স্বাগত জানাই।’
এ বছর ভিকারুননিসা নূন কলেজ থেকে মোট জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৬২ জন। বিজ্ঞান বিভাগে ৮৪৮ পরীক্ষার্থীর মধ্যে ৮০০ জন, মানবিক বিভাগে ১৯৩ জনের মধ্যে ৭৪ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৩০১ জনের মধ্যে ১৮৮ জন জিপিএ-৫ পেয়েছেন।
মঞ্জু আরা বেগম বলেন, ‘মূলত বর্তমান সিস্টেমের কারণে আমরা পিছিয়ে পড়েছি। ফলাফলের ওপর ভিত্তি করে বোর্ড থেকে প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য পারফরম্যান্স গ্রেডিং নম্বর দেওয়া হয়। আমাদের পরীক্ষার্থী বেশি হওয়ায় আমরা এই পারফরম্যান্স গ্রেডিং নম্বর পাই না। তা ছাড়া, অনেক কলেজে মানবিক বিভাগ পড়ানো হয় না। মানবিক বিভাগে জিপিএ-৫ পাওয়াটা একটু কঠিন।’
অধ্যক্ষ বলেন, ‘ফলাফলে আমরা পুরোপুরি সন্তুষ্ট না হলেও একেবারে হতাশ নই। দুজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি আর একজন দুটি পরীক্ষায় অংশ নিয়েছেন। এদের বাদ দিয়ে কলেজের ১ হাজার ৩৪২ জনের সবাই পাস করেছে, যা কলেজের অন্যতম অর্জন।’ ফল খারাপের অন্যতম কারণ হিসেবে তিনি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকেও দায়ী করেন।