জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে নবম শ্রেণীতে ভর্তির অনুমতি দিয়েছে সরকার। শুধু দুই বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীরা এ সুযোগ নিতে পারবে।শর্তগুলো হলো অকৃতকার্য শিক্ষার্থীদের ২০১১ সালের ১ নভেম্বর অনুষ্ঠেয় জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। ওই পরীক্ষায় তারা অকৃতকার্য হলে নবম শ্রেণীতে তাদের ভর্তি বাতিল হয়ে যাবে।পরীক্ষায় উত্তীর্ণ হলে তখন তাদের মাধ্যমিক পরীক্ষার নিবন্ধন করা হবে। এর আগে তাদের নিবন্ধন দেওয়া হবে না।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।মন্ত্রী আরও জানান, তিন বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে, তারা অষ্টম শ্রেণীতে পড়বে এবং অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে তারা ২০১১ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষা অংশ নিতে পারবে। শিক্ষার্থীদের ওই তিন বিষয়ে বাধ্যতামূলক পরীক্ষা দিতে হবে। অথবা শিক্ষার্থীরা চাইলে সব বিষয়েই পরীক্ষা দিতে পারবে।এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় তিন লাখ ৭৬ হাজার শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে আরও জানান, শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে বা ফেল করেছে, এজন্য মন খারাপ করে শিক্ষাঙ্গন ছেড়ে না যায়—এ কারণেই সরকার অকৃতকার্য শিক্ষার্থীদের এ সুযোগ দিয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আর শিক্ষা মন্ত্রণালয় আজ এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে।