দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেহাল চিত্র দেখে শিক্ষাসচিবের ক্ষোভ
বেসরকারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটির বেহাল চিত্র নিজ চোখে দেখলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় দুটির পান্থপথ ক্যাম্পাস আকস্মিক পরিদর্শনে গিয়ে দেখতে পান কম্পিউটার সায়েন্স পড়ানো হলেও কম্পিউটার ল্যাবের অবস্থা করুণ। নেই পর্যাপ্ত শিক্ষা উপকরণ ও শিক্ষক। ঠিকমতো ক্লাসও হয় না।
শিক্ষাসচিব প্রথমে ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে যান। সেখানে গিয়ে দেখেন, একটি কক্ষে কয়েকটি কম্পিউটারের মনিটর সাজানো থাকলেও সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) নেই। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক একেবারেই কম। নামে মাত্র একটি লাইব্রেরি রয়েছে।
পরে শিক্ষাসচিব প্রথম আলোকে বলেন, ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিজ্ঞান বিভাগ আছে অথচ কম্পিউটার ল্যাবের অবস্থা গ্রামের হাইস্কুলের চেয়েও খারাপ। পুরো ল্যাবটিই নাজুক। এভাবে কম্পিউটার সায়েন্স বিষয় চলতে পারে না।
এরপর একই এলাকায় অবস্থিত অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন সচিব। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পারেন এ বিশ্ববিদ্যালয়েও পর্যাপ্ত শিক্ষা উপকরণ নেই। নানা ধরনের অভিযোগ থাকায় শিক্ষার্থীরা সব সময় অনিশ্চয়তায় থাকেন। এ সময় সচিব শ্রেণিকক্ষের পরিবেশও ভালো দেখতে পাননি।
এসব দেখে শিক্ষাসচিব ক্ষোভ প্রকাশ করেন। পরে শিক্ষাসচিব প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় দুটিকে এসব সমস্যা দ্রুত ঠিক করতে বলা হয়েছে। না হয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।