
প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় তাঁদের বিচরণ একসঙ্গে। যমজ বোন রিক্তা-মুক্তা ছোটবেলা থেকেই খেলার পাগল। এখন তাঁরা অনূর্ধ্ব-১৯ জাতীয় মহিলা ফুটবল দলের সদস্য। পড়ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)। খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায়ও তাঁরা সেরা। যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের পরীক্ষায় রিক্তা প্রথম শ্রেণিতে প্রথম আর মুক্তা প্রথম শ্রেণিতে তৃতীয় হয়েছেন।
রিক্তার পুরো নাম জান্নাতুল ফেরদৌস, আর মুক্তার পুরো নাম ফাতেমা-তুজ-জোহরা। ফুটবলের সঙ্গে তাঁদের সখ্য সেই প্রাথমিকের গণ্ডি থেকেই। সাতক্ষীরা জেলা শহরে তাঁদের বেড়ে ওঠা। বাটকেখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার সময় তাঁদের দল পার্শ্ববর্তী কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের দলকে হারিয়েছিল। সেই থেকে শুরু মাঠের লড়াই। মূলত বাবা আকবর আলীর অনুপ্রেরণায় তাঁদের এত দূরে আসা।
২০০৮ সালে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলে দুই বোনের ডাক পড়ে। ওই বছর ঢাকা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তজেলা ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে সাতক্ষীরা জেলা দল রাজশাহীর কাছে হেরে গেলেও রিক্তা সেরা খেলোয়াড় হন। পরের বছর একটি মুঠোফোন সেবাদানকারী কোম্পানির আয়োজনে ঢাকায় আট দলের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সাতক্ষীরা জেলা। ওই সাতক্ষীরা জেলা দল থেকে পাঁচজন জাতীয় মহিলা ফুটবল দলে ডাক পান, যার মধ্যে রিক্তা-মুক্তাও ছিলেন। কিন্তু এসএসিস ও এইচএসসি পরীক্ষার কারণে প্রশিক্ষণ ক্যাম্পে নিয়মিত হতে পারেননি। ফলে আটকে যায় তাঁদের জাতীয় দলে খেলার স্বপ্ন। পরে জাতীয় দলে খেলতে না পারার কষ্ট কিছুটা কমল অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মালয়েশিয়ায় খেলতে গিয়ে।
২০১৩ সালে ক্লাব কাপ ফুটবলে বিজেএমসির হয়ে দুই বোন খেলার সুযোগ পান। এই টুর্নামেন্টে তাঁরা অসামান্য নৈপুণ্য দেখান এবং এর পুরস্কার হিসেবে চাকরি পেয়ে যান বিজেএমসিতে। চাকরিটাও মজার, সকাল-সন্ধ্যা অফিস নেই, শুধু বিজেএমসির হয়ে ফুটবল খেললেই চলবে!
জাতীয় দলে সুযোগ করে নেওয়ার পাশাপাশি রিক্তা-মুক্তার পরিকল্পনা রয়েছে, সাতক্ষীরায় বেসরকারিভাবে একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে মেয়েরা খেলাধুলা চর্চার সুযোগ পাবে।