দুই মেধাবীর স্বপ্ন
কারমাইকেল কলেজের সম্মান শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে শিমু মহন্ত ও আরিফুল ইসলাম এখন স্নাতকোত্তর করছেন।

সত্যি বলার শক্তি যেন থাকে
শিমু মহন্ত (বাংলা বিভাগ)
আমি যেহেতু গান করি, আমি চাই সব সময় আমাদের কলেজে দারুণ সব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হোক। আমাদের ভালো সংগঠক হতে হবে। ভালো মানুষ হতে হবে।
মনে মনে নিজেকে বলি, সত্যি বলার শক্তি যেন সব সময় থাকে। আমাদের কলেজ থেকে পড়াশোনা শেষ করে যে যেখানেই থাকুক না কেন, সবাই যেন সবার পাশে দাঁড়িয়ে এই দেশটাকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি। এ ক্ষেত্রে আমার প্রাণান্তকর ইচ্ছা ও চেষ্টা থাকবে। একদিন এই ক্যাম্পাস ছেড়ে চলে যাব ঠিকই। কিন্তু প্রিয় ক্যাম্পাসে আমার ফেলে আসা দিনগুলোর স্মৃতি পড়ে থাকবে। আমার সংগীতচর্চা পড়ে থাকবে। পড়ে থাকবে আমার সাহিত্যচর্চা। যে চর্চার মধ্যে আমি ডুবে ছিলাম। আমার মনে পড়বে প্রিয় স্যারদের কথা। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।

মানুষের মতো মানুষ হতে হবে
আরিফুল ইসলাম (অর্থনীতি বিভাগ)
আমার ক্যাম্পাস আমার স্বপ্ন। উত্তরের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হলো আমাদের কলেজ। কলেজ নিয়ে সব সময় গর্ব হয়।
এখানে ফলাফল ভালো করার জন্য শিক্ষকদের একটা বড় ভূমিকা রয়েছে। আমি মনে করি, আমাদের শিক্ষকেরা অনেক আন্তরিক। আশা করি, সব সময় শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা থাকবে। মানবিক মূল্যবোধ থাকবে। মারামারি থাকবে না। থাকবে না হিংসা-বিদ্বেষ।
সামনের দিনগুলোতে পাঠ্যপুস্তকের বাইরে এসে জ্ঞানের চর্চায় যুক্ত হব। সেই সঙ্গে পড়াশোনা শেষ করে ভবিষ্যতে আমি শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে সুন্দর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই। ভালো মানুষ হতে চাই। সমাজকে বদলে দিতে ভালো কাজ করতে চাই।