দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থানে আশা দেখছেন জাবির আন্দোলনকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানের কারণে আন্দোলনের সফলতা নিয়ে আশার আলো দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সারা দেশে আলোচিত হয়েছে। টাকা পাওয়ার বিষয়ে ছাত্রলীগের নেতাদের গণমাধ্যমে দেওয়া স্বীকারোক্তিতে অভিযোগের প্রমাণও মিলেছে বলে মনে করছেন তাঁরা। এ অবস্থায় আন্দোলনকারীরা মনে করছেন, সরকার উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এ ছাড়া আন্দোলনের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ আন্দোলনে সফলতার ব্যাপারে আরও উৎসাহ দিচ্ছে আন্দোলনকারীদের।

এ ব্যাপারে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর অন্যতম সংগঠক জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমাদের মনগড়া নয়। এ ব্যাপারে গণমাধ্যমে সুনির্দিষ্ট তথ্যসহ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কখন, কোথায় টাকা বণ্টনের ব্যাপারে উপাচার্য ছাত্রলীগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, কে কত টাকা পেয়েছেন, তা প্রতিবেদনে এসেছে। একপর্যায়ে ছাত্রলীগের নেতারাই গণমাধ্যমে টাকা পাওয়ার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন, সারা দেশের মানুষ এটি দেখেছে।’ তিনি বলেন, ‘এসবের পর উপাচার্যের নৈতিক স্খলনের ব্যাপারে আর কারোরই সন্দেহের অবকাশ নেই। যে শিক্ষকেরা উপাচার্যকে সমর্থন দিচ্ছেন, তাঁদেরও এ ব্যাপারে সন্দেহ নেই। এমন সুস্পষ্ট অভিযোগের পরও যদি রাষ্ট্র ব্যবস্থা না নেয়, তাহলে সেটা বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণই হবে। সরকার এখন দুর্নীতির বিরুদ্ধে যেভাবে তৎপর হয়ে উঠেছে, জাহাঙ্গীরনগরেও তার ব্যতিক্রম হবে না।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘সরকার যাঁকে উপাচার্য পদে নিয়োগ দেয়, তাঁকে একটা সময় পর্যন্ত সমর্থন দেবে, এটা স্বাভাবিক। কিন্তু জোরদার আন্দোলন গড়তে পারলে সরকারের বোধোদয় হয়। আমরা দেখেছি, আন্দোলনের মুখে গোপালগঞ্জের দুর্নীতিবাজ উপাচার্য পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সরকার যদি সত্যিই আন্তরিক হয়, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও রেহাই পাবেন না বলে মনে করি।’

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে প্রায় দেড় মাস ধরে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে উপাচার্যের ‘মধ্যস্থতায়’ ছাত্রলীগের নেতাদের বড় অঙ্কের আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগ তদন্তসহ তিন দফা দাবিতে তাঁদের এই আন্দোলন। দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দুই দফা বৈঠকে সমঝোতা হয়নি। এরপর ফারজানা ইসলামকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানিয়ে ১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় উপাচার্যকে অপসারণের দাবিতে গত বুধবার থেকে দুই দিনের সর্বাত্মক ধর্মঘট পালন করেছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার আচার্য বরাবর ‘উপাচার্যকে অপসারণের যৌক্তিকতা’ তুলে ধরে চিঠিও দিয়েছেন আন্দোলনকারীরা।

পূজার ছুটি উপলক্ষে ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ সময় আন্দোলনকারীরা কোনো কর্মসূচি পালন করবেন না বলে জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় খোলার পর আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের চার দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশ, ১৬ অক্টোবর বিক্ষোভ মিছিল, ১৭ অক্টোবর সংহতি সমাবেশ ও ১৮ অক্টোবর মশাল মিছিল।

আন্দোলনের অন্যতম শিক্ষক সংগঠক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আমরা খুবই আশাবাদী। যেসব তথ্যপ্রমাণ আমরা গণমাধ্যমের মাধ্যমে ইতিমধ্যে পেয়েছি, শিক্ষা মন্ত্রণালয় বা আচার্য যদি এ ব্যাপারে তদন্ত করেন, তাহলে আরও সত্য বেরিয়ে আসবে। আমরা আচার্যকে এ ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছি। দুর্নীতির ব্যাপারে সরকারের চলমান যে অবস্থান, তাতে আমরা মনে করছি এমন নৈতিক স্খলন হওয়ার পর উপাচার্য আর পদে থাকতে পারবেন না। ছুটির পর আমাদের আন্দোলন আরও গতি পাবে।’