সোনার তরীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১মপত্র সোনার তরী কবিতার একটি প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ‘সোনার তরী’ কবিতায় যে চিত্র আঁকা হয়েছে তা বর্ণনা করো? এই চিত্রের অন্তরালে রবীন্দ্রনাথ কোন গভীর ভাবকে ব্যক্ত করতে চেয়েছেন?উত্তর: যাঁর প্রতিভার জাদুস্পর্শে বাংলা সাহিত্য আজ বিশ্বসাহিত্যের পর্যায়ভুক্ত হয়েছে, তিনি হলেন প্রেম ও সৌন্দর্যের কবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)। কবির কাব্যগ্রন্থ ‘সোনার তরীর’ এক অসামান্য শিল্পোত্তীর্ণ কবিতা হচ্ছে ‘সোনার তরী’ (১২৯৮ বঙ্গাব্দ)। ‘সোনার তরী’ কবিতায় তাঁর হূদয়ের একটা বেদনা, না পাওয়াকে পাওয়ার আকুলতা লক্ষ করা যায়। কবির বয়স যখন যৌবনের প্রান্তসীমা স্পর্শ করেছে, তখন তাঁকে জমিদারি তদারক উপলক্ষে শিলাইদহ, পতিসর, শাহজাদপুর, উত্তরবঙ্গের নদী পরিবাহিত পল্লি প্রকৃতির একান্ত সান্নিধ্যে কাটাতে হয়। রূপক রচনা আর চিত্রকল্পের ব্যবহার কবি মানসের এক নিজস্ব প্রবণতা—যা পাশ্চাত্য সাহিত্যের আদলে গড়া। কবিতার বাহ্যচিত্র:বাহ্যদৃষ্টিতে কবি তাঁর ‘সোনার তরী’ কবিতায় বর্ষার আবহমান বাংলার নিসর্গচিত্র এবং নিঃসঙ্গ এক কৃষকের জীবনচিত্র তুলে ধরেছেন। একটি ছোট খেত, চারপাশে প্রবল স্রোতের বিস্তার, সোনার ধান নিয়ে একলা কৃষক, অবলীলায় তরী বেয়ে আসা নিয়ে চিত্রকল্প ও সেগুলোর অনুষঙ্গে রচিত এক অনুপম কবিতা সোনার তরী। ক্ষুরধারা বর্ষার নদীস্রোত হিংস্র হয়ে খেলা করছে দ্বীপসদৃশ ধান খেতের চারপাশে। সেখানে রাশি রাশি সোনার ধান কেটে নানা আশঙ্কা নিয়ে একা অপেক্ষমাণ এক কৃষক— ‘একখানি ছোট খেত, আমি একেলাচারিদিকে বাঁকা জল করিছে খেলা।’এমন সময় অপ্রত্যাশিতভাবে ভরাপালে তরী বেয়ে আসে এক নেয়ে বা মাঝি। নিঃসঙ্গ কৃষক আশার আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, যখন তার মনে হয় মাঝিটি যেন তার চেনা। কিন্তু নির্বিকারভাবে অজানা দেশের দিকে চলে যেতে থাকে সেই মাঝি।দেখে যেন মনে হয় চিনি উহারে।’নিঃসঙ্গ কৃষক কাতর অনুনয় জানায় যেন মাঝি কূলে তরী ভিড়িয়ে তার সোনার ধানগুলো নিয়ে যায়। অবশেষে ওই সোনার তরীতে তার ভারা ভারা ফসল নিয়ে মাঝি চলে যায়। কিন্তু ছোট তরীতে কৃষকের স্থান হয় না। আর শূন্য নদীতীরে অপূর্ণতার বেদনা নিয়ে দাঁড়িয়ে থাকে কৃষক একা—‘ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরীআমারি সোনার ধানে গিয়েছে ভরি।’এই সরল, বাস্তব চিত্রটি গ্রামবাংলার একটি কৃষিজীবী সমাজের শাশ্বত চিত্র। কবিতার গভীর ভাব:এ কবিতায় কৃষক, সোনার ধান আর সোনার তরী—এ তিনটি চিত্রের অন্তরালেই আছে এক গভীর রূপক-ব্যঞ্জনা। কৃষক হচ্ছেন কবি নিজেই অথবা মানবসমাজ, সোনার ধান হচ্ছে মানুষের কর্ম এবং সোনার তরী হলো মহাকালের স্রোতের রূপক। মানুষ তার জন্মের পর থেকে আমৃত্যু বিশ্বসংসারে টিকে থাকার জন্য অফুরন্ত পরিশ্রম করে। তার সমস্ত মনন ও মেধা দিয়ে সৃষ্টি করে অপরূপ শিল্প, সাহিত্য ও সৌন্দর্যময় কীর্তি। কিন্তু মহাকালের নিরন্তর স্রোতে মানুষের ধ্বংস অনিবার্য। কবি বসুন্ধরাকে হূদয়ে স্থান দিয়েছিলেন। তার সৌন্দর্যে অভিভূত হয়ে তাকে ভালোবেসেছিলেন। কিন্তু তিনি উপলব্ধি করেন, এ পৃথিবী মৃত্যু-ছায়াতে ঘেরা। মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য মৃত্যুকে অতিক্রম করতে না পারলেও কালের গর্ভে টিকে থাকে তার সৃষ্টিকর্ম। পৃথিবীর নিয়ম হচ্ছে, সৃষ্টিকে গ্রহণ করা, স্রষ্টাকে নয়। রবীন্দ্রনাথ মূলত সীমা-অসীমের তত্ত্বে মহাকাল আর পরকালের রহস্য খুঁজেছেন। জগৎ ও জীবন, জন্ম ও মৃত্যুর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে উপলব্ধি করার চেষ্টা করেছেন মানবজীবনের অস্তিত্ব।মূলত এ কবিতায় কবি যে বাস্তবচিত্র অঙ্কন করেছেন, তা তাঁর অভিজ্ঞতালব্ধ চেতনার ফসল। এই বাস্তবচিত্রের অন্তরালে কবি মহাজীবনের মহাসংগীতের করুণ সুরের ঝঙ্কার তুলেছেন, যেখানে সাধকের স্থান হয় না, কিন্তু সাধনার ফসলের স্থান হয়।