সোনার তরীপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের সোনার তরী কবিতার প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: আসন্ন দুর্যোগের মুখে দাঁড়িয়ে একলা কৃষক কোন ঘটনায় আনন্দে উদ্বেল হয়েছেন? তিনি কাকে, কী অনুনয় করেছেন?উত্তর: বাংলা সাহিত্য জগতের প্রাণ রবীন্দ্রনাথ তাঁর ‘সোনার তরী’ কবিতায় রূপকের অন্তরালে এক গভীর জীবনদর্শন ফুটিয়ে তুলেছেন। এ জীবনদর্শনের অবতারণা করতে গিয়ে কবি আবহমান গ্রামবাংলার এক শাশ্বত বাস্তবচিত্র অঙ্কন করেছেন। কালো মেঘে ঢেকে গেছে আকাশ। একলা কৃষক তাঁর ছোট ধানখেতের ফসল কেটে অধীর আগ্রহে প্রতীক্ষায় ফসলগুলো পাড়ে নেওয়ার। এদিকে বর্ষার ক্ষুরধারা খেতের ফসলকে ভাসিয়ে নেওয়ার সম্ভাবনায় কৃষক উৎকণ্ঠিত। হঠাৎ দূরে এক মাঝিকে নৌকা নিয়ে আসতে দেখে কৃষক আনন্দে উদ্বেল হয়েছেন। মাঝিকে দেখে নিঃসঙ্গ কৃষকের চিরচেনা মনে হলো। কারণ তিনি নিশ্চিত যে, মাঝি তাঁকেসহ তাঁর ফসল নৌকায় তুলে নেবেন। অন্তর্নিহিত তাৎপর্যে কৃষক তাঁর জীবনের কর্মগুলোকে এবং জীবনকে মহাকালের কাছে সমর্পণ করতে অধীর আগ্রহে প্রতীক্ষমাণ। হঠাৎ মহাকালরূপী তরী আসতে দেখে তিনি আশ্বস্ত। কৃষক আগত সোনার তরীর মাঝিকে অনুরোধ জানালেন, তাঁর রাশি রাশি কাটা ধান তুলে নেওয়ার জন্য অর্থাৎ মহাকালকে মানুষ তার কীর্তিসহ নিজেকে তুলে নেওয়ার অনুরোধ জানায়, কিন্তু নৌকার মাঝি তাঁর কীর্তিগুলো নিলেও তাকে নেয় না। তাই কবির অনুরোধ ‘এখন আমারে লহ করুণা করে।’প্রশ্ন: কৃষকের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছিল? ‘শূন্য নদীর তীরে রহিনু পড়ি’—কথাটি দিয়ে কৃষকের কোন মনোভাব ব্যক্ত হয়েছে?উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘সোনার তরী’ কবিতায় রূপকের আড়ালে এক গভীর জীবনদর্শন ফুটিয়ে তুলেছেন। মানুষের চেয়ে মানুষ কৃতকর্মেরই মূল্য বেশি—এ জীবনদর্শনের অবতারণা করতে গিয়ে তিনি গ্রাম-বাংলার শাশ্বত বাস্তবচিত্র অঙ্কন করেছেন। রাশি রাশি ভারা ভারা ধান কেটে কৃষক অপেক্ষা করছেন নৌকার জন্য। হঠাৎ সোনার তরী নিয়ে মাঝি এলেন, কৃষক আনন্দে উদ্বেলিত হয়ে নৌকার মাঝিকে অনুরোধ জানালেন, তাঁকে এবং তাঁর ফসলগুলো তুলে নিতে। মাঝি ধানগুলো তাঁর নৌকায় তুলে নিয়ে গেলেন। কিন্তু সেখানে কৃষকের ঠাঁই হলো না। তাই কবিকণ্ঠে উচ্চারিত হয়—‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরীআমারি সোনার ধানে গিয়াছে ভরি।’‘শূন্য নদীর তীরে রহিনু পড়ি’—কথাটি দিয়ে কবি এখানে কৃষকের অসহায়ত্ব প্রকাশ করেছেন। কৃষকের সনির্বন্ধ অনুরোধ সত্ত্ব্বেও তরীতে তার ঠাঁই হয়নি। তরীর মাঝি তাঁকে অসহায়ভাবে ফেলে চলে গেলেন। অর্থাৎ মহাকালের আবর্তে মানুষ ধ্বংস হয়ে যায় কিন্তু বেঁচে থাকে তার মহৎকর্ম। ব্যাখ্যা: একখানি ছোট খেত, আমি একেলাচারিদিকে বাঁকা জল করিছে খেলা।আলোচ্য অংশটুকু প্রেম ও প্রকৃতির কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত ‘সোনার তরী’ কবিতা থেকে চয়ন করা হয়েছে। মহাকালের প্রবাহমান স্রোতে মানুষ যে একা, নিঃসঙ্গ তা বোঝাতে গিয়ে কবি আলোচ্য উক্তির অবতারণা করেছেন। আবহমান গ্রাম-বাংলার বর্ষণমুখর দিনের এক কৃষকের একাকিত্ব ও অসহায়ত্বের ছবি ফুটিয়ে তুলেছেন কবি এ কবিতায়। আকাশে ঘন মেঘে আচ্ছন্ন। বর্ষার বাঁকা জলে ফসল কাটা শূন্য জমি ভরে গেছে। মাঝেমধ্যে বজ্রের হুংকার। পাশে বয়ে চলছে খরস্রোতা নদী। এমন এক পরিবেশে পল্লির এক অসহায় কৃষক তাঁর কাটা ধান নিয়ে নদীর তীরে অপেক্ষা করেন। কিন্তু তখন তিনি প্রত্যক্ষ করেন, তাঁর পাশে কেউ নেই। এ রূপক চিত্রের অন্তরালে আমরা দেখতে পাই, মানব জীবনের শাশ্বত সত্যকে। মহাকালের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ প্রতিনিয়ত আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত থাকে। কর্মযজ্ঞে নামার পর তার অন্য কোনো দিকে খেয়াল থাকে না। কিন্তু যখন মানুষ অসহায় হয়ে পড়ে, তখন লক্ষ করে, তার পাশে কেউ নেই। তার ক্ষণস্থায়ী মানবজীবন যেকোনো মুহূর্তে কালের গর্ভে বিলীন হয়ে যেতে পারে। জীবনের অমোঘ সত্য মৃত্যু এসে নিয়ে যেতে পারে সবকিছু। সেখানে সে নিতান্তই একা, নিঃসঙ্গ।মানুষ নিয়তির নিঃসঙ্গ সন্তান। এর ঊর্ধ্বে সে কখনোই যেতে পারে না। ব্যাখ্যেয় অংশটিতে কবির একই সঙ্গে প্রকৃতি প্রেম ও মর্ত্যচেতনাবোধ মূর্ত হয়ে উঠেছে।