দ্বাদশ শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয় থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো। # মহিবুর, সুজন ও বাঁধন লিখিত চুক্তির ভিত্তিতে ‘একতা ট্রেডার্স’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে। তারা পরবর্তী সময়ে সুবিধামতো সময়ে প্রতিষ্ঠানটির নিবন্ধন করবে বলে সিদ্ধান্ত নেয়। সুজন ও বাঁধন মাঝেমধ্যে ব্যবসায়ের খাতা ও হিসাবপত্র দেখে এবং তারা মুনাফার অংশ পায়। মহিবুর সরাসরি ব্যবসায় পরিচালনা করে এবং চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৩০,০০০ টাকা বেতন পায়। কিন্তু কয়েক মাস পর কোনো কারণ ছাড়াই অপর দুই অংশীদার মহিবুরের বেতন বন্ধ করে দেয়। বর্তমানে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়াধীন। প্রশ্ন: ক. ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কী? প্রশ্ন: খ. অংশীদারি ব্যবসায়ে কোন অংশীদারের দায় সীমিত? ব্যাখ্যা করো। প্রশ্ন: গ. উদ্দীপকে উল্লেখিত ‘একতা ট্রেডার্স’-এর সুজন ও বাঁধন কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো। প্রশ্ন: তুমি কী মনে করো, মহিবুর আইনত বেতন পাওয়ার অধিকারী? উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর: ক. ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়: যদি কোনো অংশীদারি ব্যবসায় কোনো নির্দিষ্ট সময়ের জন্য বা বিশেষ কার্য সম্পাদনের জন্য গঠিত হয় এবং ওই সময় উত্তীর্ণ বা কার্য সম্পাদিত হওয়ার পরও ব্যবসায় চালু থাকে, তবে তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলে। উত্তর: খ. অংশীদারি ব্যবসায়ে সীমাবদ্ধ অংশীদারের দায় সীমিত। চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আইনগতভাবে সব অংশীদারের সম্মতিক্রমে কোনো নাবালককে সুবিধা প্রদানের উদ্দেশ্যে অংশীদার হিসেবে গ্রহণ করা হলে সে ক্ষেত্রে অনুরূপ অংশীদারকে সীমাবদ্ধ অংশীদার বলে। এদের দায় সাধারণত ব্যবসায়ে নিয়োজিত ওই অংশীদারের মূলধন পর্যন্ত সীমাবদ্ধ হয়। আইন অনুযায়ী ওই অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারে না। কোনো সাবালক যোগ্য ব্যক্তিও চুক্তির শর্ত অনুযায়ী এ রকম অংশীদার হতে পারে। উত্তর: গ. উদ্দীপকে উল্লেখিত ‘একতা ট্রেডার্স’-এর সুজন ও বাঁধন নিষ্ক্রিয় অংশীদার। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতির অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশ নেয় না, তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলে। উদ্দীপকে দেখা যায়, সুজন ও বাঁধন ‘একতা ট্রেডার্স’ নামক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং মুনাফার অংশ পায়। তারা মাঝেমধ্যে খাতা ও হিসাবপত্র দেখে। অংশীদারি আইনে সব অংশীদার ব্যবসায়ের খাতা ও হিসাবপত্র দেখা, পরীক্ষা এবং তার যেকোনো অংশের নকল গ্রহণের অধিকারী। কিন্তু উদ্দীপকে যেটা লক্ষণীয় তা হলো এ দুজন অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশ নেয়নি, যেমনটি তাদের অপর অংশীদার মহিবুর করেছে।সুতরাং বলা যায়, একতা ট্রেডার্সে সুজন ও বাঁধন নিষ্ক্রিয় অংশীদার। উত্তর: ঘ. মহিবুর আইনত বেতন পাওয়ার অধিকারী নয় বলে আমি মনে করি। মহিবুরকে তার চুক্তিজাত অধিকার আদায় করতে হলে অপর দুই অংশীদারের বিরুদ্ধে আদালতে মামলা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার এ ধরনের আইনগত অধিকার আছে কি না। অংশীদারি আইনের ৬৯(১) ধারায় বলা হয়েছে, ‘অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হলেই শুধু এর অংশীদাররা অপর অংশীদারের বিরুদ্ধে চুক্তিজাত অধিকার আদায়ের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে।’ অংশীদারি আইন অনুযায়ী উদ্দীপকে উল্লেখিত একতা ট্রেডার্স নিবন্ধিত হলেই কেবল মহিবুর আদালতে মামলা করতে পারবে। মহিবুর, সুজন ও বাঁধন একতা ট্রেডার্স গঠন করার সময় লিখিত চুক্তি করে এবং পরবর্তী সময়ে সুবিধামতো নিবন্ধন করবে বলে সিদ্ধান্ত নেয়। সুজন ও বাঁধন যখন মহিবুরের বেতন বন্ধ করে দেয়, তখন ওই প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়াধীন ছিল। অর্থাৎ প্রতিষ্ঠানটি একটি অনিবন্ধিত প্রতিষ্ঠান। ব্যবসায়ে মহিবুর একজন সক্রিয় অংশীদার। চুক্তি অনুযায়ী সরাসরি ব্যবসায় পরিচালনার জন্য সে প্রতিমাসে ৩০,০০০ টাকা করে বেতন পায়। কিন্তু তার অপর দুই অংশীদার কয়েক মাস পর কোনো কারণ ছাড়াই বেতন বন্ধ করে দেয়। মহিবুর তার এ চুক্তিজাত অধিকার আদায়ে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারত। কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠানটি অনিবন্ধিত হওয়ার কারণে মহিবুর তা করতে পারবে না। অনিবন্ধিত প্রতিষ্ঠানে চুক্তি লিখিত হলেও এ ধরনের অধিকার আদায়ের ক্ষেত্রে অপর অংশীদারের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, একতা ট্রেডার্স শুধু অনিবন্ধিত হওয়ার কারণে মহিবুর আইনগত বেতন পাওয়ার অধিকারী নয়।