ধর্মশিক্ষা ছিল, আছে ও থাকবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী দীপু মনি
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়নি, বাদ দেওয়ার সুযোগ নেই। ধর্মশিক্ষা সব সময় ছিল, এখনো আছে এবং থাকবে।

আজ বুধবার সচিবালয়ে নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা ধর্মশিক্ষা তুলে দেওয়া হয়েছে বলে ধুয়া তুলছেন, তাঁদের উদ্দেশ্য ধর্মকে রক্ষা করা নয়, ধর্মকে অজুহাত হিসেবে ব্যবহার করে আগামী নির্বাচন সামনে রেখে দেশ অস্থিতিশীল করা। তাই সাধারণ মানুষকে আহ্বান জানাব, এই বিভ্রান্তি সৃষ্টিকারীদের উপেক্ষা করুন।’

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, এটা ঠিক, সংক্রমণ আবার বাড়ছে। সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে। ১২ বছরের বেশি বয়সীদের তো টিকা দেওয়া হয়েছে। ১২ বছরের কম বয়সীদের টিকার ব্যবস্থা করা গেলে হয়তো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন হবে না।

দীপু মনি বলেন ‘আমরা চাইছি, যতটা সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখেই সমস্যাগুলোর সমাধানে যাব। কাজেই এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার কথা ভাবছি। তবে এটাও বলব, সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।’