নটর ডেম কলেজের অধ্যক্ষের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, নটর ডেম কলেজ, ঢাকাপরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এইচএসসি পরীক্ষার আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে ছাত্রছাত্রীরা পাঠ্য বিষয়গুলো মনোযোগ সহকারে রিভিশন বা পুনরালোচনা করতে পারে এবং নিজে নিজে লিখে প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর দেওয়ার অভ্যাস করতে পারে। তবে শেষ মুহূর্তে মানসিক প্রস্তুতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মন থেকে পরীক্ষাভীতি ও দুশ্চিন্তা দূর করতে হবে। প্রস্তুতিপর্বে ছাত্রছাত্রীদের যথেষ্ট বিশ্রাম নেওয়ারও প্রয়োজন আছে। অধিক রাত জেগে পড়াশোনা করার ফল সাধারণত ভালো হয় না।পরীক্ষার আগের রাতে বিকেলে: পরীক্ষার আগের দিন বন্ধুদের সঙ্গে ভালো কোনো জায়গায় হেঁটে এলে মন শান্ত হবে। এরপর তাদের নিয়ে চিত্তবিনোদনমূলক কোনো খেলায় কিছু সময় ব্যয় করলে মনের অস্থিরতা কমে যাবে। তারপর নিজ নিজ ধর্মবিশ্বাস অনুযায়ী ধ্যানস্থ হয়ে কিছু সময় কাটালে ভয়ভীতি আরও কমে যাবে। এরপর নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে হবে এই বলে যে, ‘আমি পারি’, ‘পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হওয়ার মতো জ্ঞান আমার আছে’। তা করতে পারলে পরীক্ষার খাতায় ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে।ভালো ফলাফলের পেছনের কারণ: আমার মনে হয়, ভালো ফলাফল করার পেছনের কারণগুলো হচ্ছে ছাত্র-শিক্ষক উভয়কে সারা বছর নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা। কেউ কোনো ফাঁকি দেয় না বলে নিয়মিত পড়াশোনা হয়, সিলেবাস সবটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ানো হয় এবং সাপ্তাহিক পরীক্ষা বা কুইজের মাধ্যমে শুধু বিষয়বস্তু আয়ত্ত করাই নয়, বরং বোর্ডের পরীক্ষার জন্যও প্রস্তুতি সেভাবে অনেকটা সম্পন্ন হয়ে যায়। পাঠ্যপুস্তকের বিষয়বস্তু আয়ত্তে এসে যায় বলে পরীক্ষায় যেকোনো ধরনের প্রশ্ন এলে ছাত্ররা সেগুলোর উত্তর দিতে পারে।পরীক্ষার হলে ঢোকার আগে: পরীক্ষার হলে ঢোকার আগে হাতমুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাস্তা করে নিতে হবে। সঙ্গে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি, কলম (বলপয়েন্ট পেন), প্রয়োজনবোধে ক্যালকুলেটর ইত্যাদি নিয়ে আসতে হবে। পরীক্ষার হলে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিতে হবে।সার্বিকভাবে ভালো ফলাফলের জন্য: ভালো ফলাফল করতে হলে ভালো পড়াশোনার কোনো বিকল্প নেই। ছাত্রছাত্রীরা সারা বছর নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলে, ক্লাসে মনোযোগী হলে, বাসায় বা বাড়িতে নিয়মিত পড়াশোনা করলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব। পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা যাতে নিবিষ্টচিত্তে প্রশ্নোত্তর লিখতে পারে সে জন্য হলরুমের উপযুক্ত পরিবেশ বজায় রাখার প্রধান দায়িত্ব সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তার। অপ্রয়োজনীয় কথাবার্তা বললে বা শব্দ করলে পরীক্ষার্থীদের লিখতে গিয়ে সমস্যার সৃষ্টি হয় এবং জানা উত্তরও তারা সঠিকভাবে লিখতে পারে না। তাই পরীক্ষাকেন্দ্রে সর্বত্র নীরব পরিবেশ বজায় রাখা একান্ত দরকার।পরীক্ষায় বেশি নম্বর পেতে হলে সুন্দর হাতের লেখা দিয়ে সাজিয়ে সব প্রশ্নের উত্তর পূর্ণাঙ্গভাবে লিখতে হবে। গুরুত্বপূর্ণ ও বেশি নম্বরের প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য ছাত্রছাত্রীকে বেশি সময় বরাদ্দ করতে হবে।বিশেষ কারণে যেমন, পরিবারে দুর্ঘটনা, অসুস্থতা ইত্যাদি কারণে কেউ যদি ভালো প্রস্তুতি নিয়ে না থাকে, তবে এখন জানা বিষয়গুলোই ভালো করে পুনরালোচনা করবে। কেননা শেষ পর্যায়ে এসে নতুন বিষয় পড়তে গেলে আগে মুখস্থ করা বিষয়গুলোই হয়তো ভালোভাবে আয়ত্ত হবে না। পরীক্ষায় বেশ কিছু বিকল্প প্রশ্ন থাকে। সুতরাং জানা বিষয়গুলো ভালো করে শিখলে এবং ভালোমতো উত্তর লিখতে পারলে ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা বেশি।শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে: সবার কাছে আমার বক্তব্য হচ্ছে, ছাত্রছাত্রীদের জীবনে উচ্চমাধ্যমিক পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পরীক্ষার ফলাফলের ওপর তাদের পরবর্তী জীবনের শিক্ষাগত ও শিক্ষাবহির্ভূত ভালো-মন্দ অনেকটাই নির্ভর করে। তাই ছাত্রছাত্রীরা যাতে ভালো পরীক্ষা দিয়ে ভালোভাবে উত্তীর্ণ হতে পারে, সে ব্যাপারে সবাইকে যত্নবান হতে হবে। আসন্ন এইচএসসি পরীক্ষায় সব অংশগ্রহণকারীর সাফল্য কামনা করি।