নটর ডেমে পাস কমেছে, বেড়েছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলাফল প্রকাশিত হওয়ার ঘণ্টা দু-এক আগে থেকেই রাজধানীর নটর ডেম কলেজে শিক্ষার্থীদের ভিড় বাড়ছিল। অভিভাবকরাও ক্ষণে ক্ষণে খোঁজ নিচ্ছিলেন কলেজের অফিসে। তবে দুপুর দুইটার কিছু পর থেকেই থেমে থেমে শোনা যাচ্ছিল শিক্ষার্থীদের উল্লাসধ্বনি। ইন্টারনেটে ফলাফল দেখে কেউ যেমন আশা পূরণের আনন্দে ভেসেছেন, কারও আবার সঙ্গী হয়েছে মনোভঙ্গের বেদনা।

২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় নটর ডেম কলেজে পাসের হার গত বছরের তুলনায় কমেছে। তবে বেড়েছে জিপিএ ৫-এর সংখ্যা। ২০১৫ সালে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা মিলিয়ে কলেজটির শিক্ষার্থীদের সম্মিলিত পাসের হার ছিল ৯৯ দশমিক ১৮ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৯৮ শতাংশে। পরীক্ষায় মোট অংশ নিয়েছিলেন ২ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী। এর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৫৬ জন।

তবে পাসের হার কিছুটা কমলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। ২০১৫ সালে কলেজটির মোট ১ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭১ জনে। এর মধ্যে বিজ্ঞান শাখা থেকেই জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৪০ জন।

কলেজের মাঠে কথা হয় মাহীনূর রহমানের সঙ্গে। কিছুক্ষণ আগেই ইন্টারনেটে ফলাফল জেনেছেন। জিপিএ-৫ পাওয়ার খবর জানিয়ে বললেন, ‘শুধু পরীক্ষার সময় নয় বরং সারা বছর পড়াশোনা করার সুফলই পেয়েছি।’

অন্যদিকে জিপিএ-৫ পেলেও প্রাপ্ত নম্বর নিয়ে চিন্তিত আসিফ-উদ-দৌলা। বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। আসিফ বলেন, এখনই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা আছে।

এইচএসসি পরীক্ষায় কলেজের শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে কলেজের অধ্যক্ষ ড. জুনিয়র হেমন্ত পায়াস রোজারিও বলেন, ‘আমাদের ফলাফলের ধারা একইরকম থাকে। তেমন কোনো ওঠা-নামা হয় না। তবে মানবিকে এবার অকৃতকার্য বেশি হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ফলাফল আগের মতোই আছে।’

অধ্যক্ষ বলেন, এ বছর মানবিক শাখা থেকে সবচেয়ে বেশি, মোট ৩৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর কারণ হিসেবে তিনি আইসিটি বিষয়ে প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ৩৯ জনের মধ্যে অনেকেই আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তিনি বলেন, ‘নটর ডেম কলেজে গ্রাম থেকে অনেক শিক্ষার্থী পড়তে আসেন। তাঁদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না। কিন্তু তাঁরাও এইচএসসিতে জিপিএ-৫ পান। এটিই এই কলেজের সুন্দর দিক।’ তবে শুধু জিপিএ-৫ পেলেই শিক্ষার মান বাড়ে না বলে মন্তব্য করেছেন অধ্যক্ষ ড. জুনিয়র হেমন্ত পায়াস রোজারিও।