নতুন বইয়ে বছর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেট​ির হাইস্কুল মাঠে ‘পাঠ্যপুস্তক উৎ​সব ২০১৬’–এ নতুন বই হাতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ l ছবি: জাহিদুল করিম
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেট​ির হাইস্কুল মাঠে ‘পাঠ্যপুস্তক উৎ​সব ২০১৬’–এ নতুন বই হাতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ l ছবি: জাহিদুল করিম

নতুন বই, মলাট-পাতায় পাতায় নতুনের ঘ্রাণ। এমন নতুন বই দিয়েই বছর শুরু করল সারা দেশের বিদ্যালয়পড়ুয়া কোটি শিক্ষার্থী। প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসায় গতকাল শুক্রবার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনা মূল্যের নতুন পাঠ্যবই।
এ জন্য সাপ্তাহিক ছুটির দিনেও বিদ্যালয়গুলোতে লেগেছিল উৎসবের ছোঁয়া। খালি হাতে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে নতুন বই নিয়ে, হাসিমুখে। বছরের শুরুর দিনে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘পাঠ্যপুস্তক উৎসব’ দিবস।
আগের দিন বৃহস্পতিবার গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মূল উৎসব হয়েছে গতকাল। ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশজুড়ে উঠব’ স্লোগান সামনে রেখে সারা দেশে স্কুল-মাদ্রাসায় হয় এই উৎসব।
কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উৎসবের আয়োজন করে। সকালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে গিয়ে দেখা যায়, ছুটির দিনের শীতের সকালেও হাজারো শিক্ষার্থী বিদ্যালয় মাঠে বসে মাঝে মাঝেই হর্ষধ্বনি দিচ্ছে। তাদের অনেকের হাতে নতুন বইয়ের পাশাপাশি ছিল বেলুন বা জরির ফিতা। সারাক্ষণই তারা আনন্দে মেতে ছিল।
সদ্য সপ্তম শ্রেণিতে ওঠা মুরসালিন হোসেন বলে, নতুন বই পড়ার আনন্দই অন্য রকম। ধানমন্ডি-২৭ নম্বরের বাসা থেকে সকাল সাড়ে সাতটার মধ্যেই বই নিতে সে বিদ্যালয়ে চলে এসেছে।
ওই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী তাসনিম বিনতে রাশেদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধনের পর বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ২০১০ সালে যখন বিনা মূল্যে বই দেওয়ার কার্যক্রম শুরু হয়, তখন শিক্ষার্থী ছিল আড়াই কোটির মতো। আর এখন শিক্ষার্থী বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। দেশের শিক্ষার্থীরা মেধার দিক দিয়ে দরিদ্র নয়। তারা আজ বিশ্ব জয় করতে সক্ষম।
এ সময় আরও বক্তব্য দেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদ্য বিদায়ী চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পাল।
এরপর শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের মাঝে গিয়ে বেলুন উড়িয়ে দেন। শিক্ষার্থীরাও বই ওপরে তুলে ধরে। হাজারো শিক্ষার্থী নতুন বই উঁচু করে নাড়ানোর সময় ভিন্ন এক পরিবেশের সৃষ্টি হয়। ওই স্কুলে এই উৎসবে আশপাশের কয়েকটি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেয়।
মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। প্রাথমিকের শিক্ষার্থীরা বয়সে ছোট হওয়ায় সেখানে হয় আরেক ধরনের আনন্দ।
ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশালসহ বিভিন্ন জেলায় পাঠ্যপুস্তক উৎসব পালনের খবর পাওয়া গেছে। এসব উৎসবের উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
তবে রাজধানীতেই কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীরা বই পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় বই দেওয়া হয়নি। এ নিয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছিল। আবার কেউ কেউ ছুটির দিনে উৎসব করায় ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দু-এক দিনের মধ্যে সবাই সব বই পেয়ে যাবে।
এ বছর প্রাক্-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি প্রতিষ্ঠানের মোট ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৭২টি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। তবে এবার প্রাথমিকের বইয়ের মান আগের মতো ভালো হয়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কয়েক দিন আগে শিক্ষামন্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন, তদন্তে যদি দেখা যায় মান খারাপ, তাহলে মুদ্রণকারীদের জরিমানা করা হবে।