প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। ২০১৩ সালের প্রথম দিনেই পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। শুরু হলো আরেকটি শিক্ষাবর্ষ। এই শিক্ষাবর্ষে তোমরা পাচ্ছো নতুন শিক্ষাক্রমের আলোকে প্রকাশিত নতুন পাঠ্যবই। নতুন ক্লাসে নতুন বছরে নতুন বই পাওয়ার আনন্দে তোমাদের মন ভরে উঠছে। তাই না? তোমাদের এই নবযাত্রায় আমাদের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি রইল। পাশাপাশি থাকল বিষয়ভিত্তিক ধারাবাহিক দিকনির্দেশনার অঙ্গীকার। এসো আজ নতুন পাঠ্যক্রমের ওপর একবার দৃষ্টি দেওয়া যাক।বাংলা: বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। বাংলাভাষা আয়ত্ত করার লক্ষ্যে প্রণীত হয়েছে পাঠ্যবই আমার বাংলা বই। বিষয়বস্তু নির্বাচন ও বিন্যাস এবং দৃষ্টিনন্দন প্রচ্ছদ আর অলংকরণে বৈচিত্র্যময় পাঠ্যবইটি সহজেই তোমাদের আকৃষ্ট করার মতো। ১২৫ পৃষ্ঠার এই বইয়ে রয়েছে ২৩টি বিষয়। এর মধ্যে গল্প, নাটিকা, প্রবন্ধ- নিবন্ধ মিলিয়ে রয়েছে ১৩টি বিষয় আর কবিতা রয়েছে ১০টি। বিষয়বৈচিত্র্যে ভরা নতুন নতুন শব্দের সমাহারে সমৃদ্ধ বাংলা পাঠ্যবইটি তোমাদের শব্দভান্ডার যেমন বাড়াবে তেমনি তোমাদের ভাষার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।গণিত: ১৪টি পাঠে বিভাজিত প্রাথমিক গণিত বইয়ে অনুশীলনী রয়েছে ২২টি। বিষয়বস্তু অনুসারে পাঠগুলো হলো: গুণ, ভাগ, চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি (ঐকিক ও সরলসহ) গড়, গ. সা. গু ও ল. সা. গু, গাণিতিক প্রতীক ও বাক্য সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ, শতকরা পরিমাপ, সময় উপাত্ত বিন্যস্তকরণ জ্যামিতি ক্যালকুলেটর ও কম্পিউটার। বলা যায়, গাণিতিক সমস্যার ধারাবাহিক বিন্যাস এবং গাণিতিক ধারণার সুষ্ঠু বিকাশ তোমাদের গণিতভীতি দূর করবে এই নতুন বইটি।ইংরেজি: শিক্ষার্থীদের বয়স ও সামর্থ্যের দিকে লক্ষ রেখে প্রণীত হয়েছে পঞ্চম শ্রেণীর ইংরেজি পাঠ্যবই English For Today। প্রচ্ছদ আর অলংকরণে যেমন যথার্থতা প্রকাশ পেয়েছে, তেমনি বিষয় নির্বাচনেও রয়েছে বৈচিত্র্য। ২৯টি লেসনে বিভাজিত ইংরেজি পাঠ্যবইটি শিশু শিক্ষার্থীকে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি ইংরেজি শেখার প্রতি যেমন আগ্রহ সৃষ্টি করবে তেমনি দূর করবে ইংরেজিভীতি। পারিপার্শ্বিক নিকট পরিবেশ সংশ্লিষ্ট বিষয় নিয়ে রচিত লেসনগুলোর বেশির ভাগই সংলাপ এবং কথোপকথনধর্মী হওয়ায় তোমরা আনন্দের সঙ্গে পাঠের গভীরে প্রবেশ করার সুযোগ পাবে।বাংলাদেশ ও বিশ্ব পরিচয়: ১৩টি অধ্যায়সংবলিত বাংলাদেশ ও বিশ্বপরিচয়। এই ১৩টি অধ্যায়ের মধ্যে রয়েছে: আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বাংলাদেশ: ইংরেজ শাসন, বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন, বাংলাদেশের অর্থনীতি: কৃষি ও শিল্প, বাংলাদেশের জনসংখ্যা জলবায়ু এবং দুর্যোগ, মানবাধিকার, আমাদের দায়িত্ব ও কর্তব্য, আমরা সবাই সমান, গণতান্ত্রিক মনোভাব, নারী-পুরুষ সমতা, বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তা ও তাদের সংস্কৃতি এবং বাংলাদেশ ও বহির্বিশ্ব। বিশেষভাবে উপস্থাপিত বিষয়গুলোর বিষয়বস্তু শিশু শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে আত্মস্থ করার সুযোগ রয়েছে। বইতে সংযোজিত পরিকল্পিত কাজ এবং রঙিন চিত্রসমূহ শিক্ষার্থীকে পাঠ মুখস্থ করার মানসিকতা পরিহার করে বুঝে দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।বিজ্ঞান: ৯৯ পৃষ্ঠার বিজ্ঞান পাঠ্যবইটিতে রয়েছে ১৪টি অধ্যায়। জীব ও আমাদের পরিবেশ, পরিবেশ দূষণ, জীবনের জন্য পানি, বায়ু, পদার্থ ও শক্তি, সুস্থ জীবনের জন্য খাদ্য, স্বাস্থ্যবিধি, মহাবিশ্ব, আমাদের জীবনে প্রযুক্তি, আমাদের জীবনে তথ্য, আবহাওয়া ও জলবায়ু, জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ এবং জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ—শিরোনামযুক্ত অধ্যায়গুলো তোমাদের অনুসন্ধানী মনের চাহিদা পূরণ করবে। ধর্ম ও নৈতিক শিক্ষা: শিক্ষার্থীর ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য ধর্মভিত্তিক নির্বাচিত বিষয় নিয়ে প্রণীত হয়েছে ধর্ম শিক্ষার পাঠ্যবই। এই পাঠ্যবইগুলোর নাম হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিষ্টানধর্ম ও নৈতিক শিক্ষা।ওয়েবসাইটে পাঠ্যবইই-বুক www.ebook.gov.bdএনসিটিবি www.nctb.gov.bd