তোমার যারা এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে—তারা নিশ্চয়ই এ সময়টি কলেজে ভর্তির প্রস্তুতি নিয়ে খুব ব্যস্ত। ভর্তি উদ্বেগের পাশাপাশি এক ধরনের আনন্দও নিশ্চয়ই তোমাদের মনকে উদ্বেলিত করে তুলছে। সে আনন্দ কলেজ জীবনের স্বপ্ন নিয়ে। তোমাদের শিক্ষাজীবনের এই ক্রান্তিকালে কেবল নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সুখস্বপ্ন নয়, কলেজপর্বের পড়াশোনা যাতে সাফল্যমণ্ডিত হয় সে জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে। দীর্ঘদিনের স্মৃতিবাহী স্কুলকে পেছনে ফেলে তোমরা যারা কলেজের শিক্ষাজীবন শুরু করতে যাচ্ছ, তারা অবশ্যই এ পর্যায়ের পড়াশোনাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে দুই বছরের এ কলেজ শিক্ষাজীবন তোমাদের কেবল সিলেবাসভুক্ত পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ রাখবে না—সেই সঙ্গে তোমাদের শিখতে সহায়তা করবে অনেক কিছু। কলেজ পর্যায়ে তোমরা অনেকেই নিজের বাসস্থান এবং বাবা-মায়ের সান্নিধ্য ছেড়ে পড়াশোনা করতে যাবে দূরে কোথাও। সেখানে তোমার সঙ্গে সখ্য গড়ে উঠবে নতুন সহপাঠীদের সঙ্গে, যারা আসবে দেশের নানাস্থান থেকে। পাঠ্যপুস্তক পড়ার বাইরেও তোমরা অংশগ্রহণ করবে নানা শিক্ষা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে। এ পর্যায়ের পড়াশোনার ফলাফলই তোমাদের উচ্চতর শিক্ষার গতিপথকে অনেকাংশে নির্ধারণ করে দেবে। আর সেই পথ ধরেই তোমরা প্রবেশ করবে ভবিষ্যৎ কর্মজীবনে। সুতরাং উচ্চমাধ্যমিক পর্যায়ের সময়টুকু তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি সুপরিকল্পিত প্রস্তুতি আর প্রচেষ্টাই তোমাদের উচ্চমাধ্যমিক পর্যায়ে সাফল্য এনে দিতে পারে। কার্যকর পড়াশোনা, সময়ের সদ্ব্যবহার, আর আন্তরিক প্রচেষ্টাই তোমাদের সফল করে তুলতে পারে। কলেজ পর্যায়ে তোমাদের পড়াশোনা, জীবনযাপন, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রক্ষাসহ নানা বিষয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এখন থেকেই।নিয়ন্ত্রিত রেখো নিজেকে: স্কুল পর্যায়ে পড়াশোনাকালে তোমাদের মা-বাবা কিংবা অভিভাবক যতটা আগলে রেখেছেন। কলেজ পর্যায়ে হয়তো ততটা সম্ভব হবে না। জীবন-যাপন ও পড়াশোনার ক্ষেত্রে তোমাদের ওপর বাবা-মায়ের নজরদারি সামান্য হলেও শিথিল হবে নানা কারণে। পড়াশোনার জন্য মা-বাবার সান্নিধ্য থেকে অনেকেই চলে যাবে দূরে কোথাও। স্কুলের শিক্ষকেরা তোমাদের যতটা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, পরামর্শ দিয়েছেন কলেজ পর্যায়ে শিক্ষকদের কাছ থেকে সে পরামর্শ তোমাদের নিজে থেকেই জেনে নিতে হবে। কেননা, সবদিক থেকেই ধরে নেওয়া হবে তুমি এখন অনেকটা বড় হয়েছ। নিজেকে সঠিক পথে চালিত করার জন্য তোমার নিজের সিদ্ধান্তটিই গুরুত্বপূর্ণ। কাজেই প্রতিটি কাজই করতে হবে ভেবেচিন্তে।মূল লক্ষ্য পড়াশোনা: কলেজে ভর্তির পর তোমার মূল লক্ষ্য হবে ভালো ফলাফলের জন্য কার্যকর পড়াশোনা। কারণ, এ পর্যায়ের ভালো ফলাফলই তোমার ভবিষ্যৎ জীবনের গতিপথ অনেকাংশে তৈরি করে দেবে। কার্যকর পাঠাভ্যাস, পাঠচর্চায় যথাযথ সময় দেওয়া, নিয়মিত ক্লাস করা, পাঠ অনুধাবন ও অনুশীলনই তোমাদের সামনের দিকে এগিয়ে নেবে।ভুল পথে পা নয়: কলেজপর্যায়ের মুক্ত পরিবেশের কারণে তোমাদের নিজেদের মনে হতে পারে অতি স্বাধীন। আত্মনিয়ন্ত্রণে ত্রুটি থাকলে এ সময়ে ভুল পথে পা বাড়ানোর সম্ভাবনাটাও এ সময় বেশি। এ জন্য খুব সচেতনভাবেই এড়িয়ে চলতে হবে ভুল পথগুলো। এ সময় ক্ষতিকর অভ্যাসগুলো থেকে তোমরা নিজেদের সরিয়ে রাখবে দূরে। বন্ধু নির্বাচনেও তোমাদের থাকতে হবে যথেষ্ট সচেতন।সময়কে কাজে লাগাও: সময় কারও জন্য অপেক্ষা করে না। কাজেই এ পর্যায়ের সময়কে যথার্থভাবেই কাজে লাগাতে হবে। ক্লাসে অংশগ্রহণ, ক্লাস লেকচারে মনোযোগ দেওয়া, যথাসময়ে হোমওয়ার্ক সম্পন্ন করা এবং সর্বোপরি যথাযথ পরীক্ষা প্রস্তুতিই তোমাদের সময়ের সার্থক ব্যবহার বলে গণ্য হবে।পড়ার ফাঁকে অন্য শিক্ষা: কলেজে তোমাদের জন্য থাকবে পড়ার বাইরেও নানা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ। খেলাধুলার মতো নির্মল বিনোদনে অংশগ্রহণ, শিক্ষামূলক সংগঠন ও কার্যক্রমে অংশগ্রহণ, বিতর্ক, সাহিত্যচর্চা, শিক্ষাসফরের মতো কার্যক্রমগুলোতে অংশগ্রহণের মাধ্যমে তোমরা অর্জন করবে জীবনের নানা বাস্তব শিক্ষা।প্রযুক্তির ক্ষতিকর দিকগুলো এড়িয়ে চলো: মানুষের কল্যাণের জন্যই প্রযুক্তির উদ্ভাবন। কিন্তু এসব প্রযুক্তির অপব্যবহার ও অপপ্রয়োগ ক্ষতিগ্রস্ত করতে পারে তোমাকেও। মোবাইল ফোন, টিভি, ভিডিও, ভিডিও গেমস, ইন্টারনেট ইত্যাদির প্রতি অতি আসক্তি তোমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।থাকতে হবে সুস্থ: স্বাস্থ্যই সকল সুখের মূল। জীবন উন্নয়নের যাত্রাপথে তোমাদের থাকতে হবে সুস্থ। যথাসময়ে খাবার গ্রহণ, নিয়মিত পর্যাপ্ত ঘুম, জাঙ্কফুড পরিহার, নিয়মিত ব্যায়াম, খেলাধুলা আর যথাযথ জীবনাচরণ তোমাদের রাখবে সুস্থ।শিক্ষক যোগাযোগ: চূড়ান্ত পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দরকার হবে বিষয়ভিত্তিক পাঠ-প্রস্তুতি। আর এ পাঠ-প্রস্তুতিতে সহায়তার জন্য বিষয়ভিত্তিক শিক্ষকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের তৈরি করা হ্যান্ডনোটগুলোও দেখিয়ে নিতে পার বিষয়ভিত্তিক শিক্ষককে। এসব বিষয়ে শিক্ষকের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক গড়ে তোলাও পড়াশোনার জন্য জরুরি।শেষ কথা: সব সময়ই মনে রাখবে, প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কলেজ শিক্ষার পর্বটিকে সাফল্যের সঙ্গে সমাপ্ত করতে হবে। এ জন্য যথাযথ শ্রম প্রদান, ধৈর্য ও অধ্যাবসায় রাখতে হবে অব্যাহত।