
ঈদের ছুটির আগে থেকেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর আড্ডায় ঘুরেফিরে আসছিল নদী প্রসঙ্গ। কেউ নদীবিষয়ক কবিতা নিয়ে ব্যস্ত, কেউ গান নিয়ে। আলোকচিত্র প্রদর্শনীর পরিকল্পনাও করছিলেন কেউ কেউ। কী গান গাওয়া হবে, কোন কবিতা আবৃত্তি করা হবে, কে আলোচনা করবেন—এখন সবকিছুই চূড়ান্ত।
আজ বিশ্ব নদী দিবস। এ উপলক্ষেই বেশ কিছুদিন ধরে প্রস্তুতি চলছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ নদী, সুস্থ নগর’। নদী দিবসে সারা দেশেই নানা আয়োজন করছে রিভারাইন পিপল নামে একটি সংগঠন। সংগঠনটির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখাও ক্যাম্পাসে আজ নানা আয়োজন করছে।
নদী নিয়ে ‘রক্তশূন্য দেশ’ শিরোনামে গান লিখেছেন, সুর করেছেন, কণ্ঠ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সঞ্জয় চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন ‘নদীর প্রতি ভালোবাসা থেকে রক্তশূন্য দেশ গানটির কাজ করেছি। আমরা শুধু গানই করি না, নদীকে বাঁচিয়ে রাখার জন্য সচেতনতামূলক অনেক কর্মসূচিও পালন করি।’ তাঁর গানটি প্রকাশিত হওয়ার পর ক্যাম্পাসে এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে।
সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রওশন হাবীব নদীবিষয়ক কবিতা আবৃত্তি করবেন। বিশ্ব নদী দিবসের অনুষ্ঠান নিয়ে গত বুধবার তিনি বলছিলেন, ‘শুধু নদী নিয়ে একটি অনুষ্ঠানের প্রস্তুতি দারুণ উপভোগ করছি। এখন ২৫ তারিখের অনুষ্ঠান ছাড়া আর অন্য কিছুই ভাবতে পারছি না।’
বিশ্ব নদী দিবস উপলক্ষে ফেসবুকে আহ্বান করা হয়েছিল নদীবিষয়ক গানের লিরিক। অনেকেই গান লিখে পাঠিয়েছেন। সেখান থেকে সুমন নন্দীর একটি গান নির্বাচন করা হয়েছে। ‘বাংলাদেশের জীবনরেখা যারা মুছে দিতে চায়/ তাদের অন্যায় অবিচার রুখে দাঁড়াবার, এসেছে সময়’ গানটিতে সুর করেছেন সঞ্জয় চৌধুরী।
গণিত বিভাগের এমএ শেষ বর্ষের শিক্ষার্থী সৃষ্টি সরকার বলেন, ‘আমরা সারা বছর নদী নিয়ে ভাবি, কাজ করি। নদীর কাছে যাই। বিভিন্ন স্কুল-কলেজে নদীবিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম করি। নদীমাতৃক বাংলাদেশে সবার জীবনের সঙ্গে নদীর গভীর সম্পর্ক রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। কোন নদীর যখন মৃত রূপ দেখি, ভেতরে ভেতরে খুব কষ্ট অনুভব করি।’
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, রিভারাইন পিপলের সংগঠক বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ বলেন, ‘আমরা নদী নিয়ে কাজ করি। আমরা চাই বিপুলসংখ্যক মানুষ নদীর কাজে সম্পৃক্ত হোক।’