নবম ও দশম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৮ নম্বর অধ্যায়ের প্রাণীর দৈহিক সংগঠন ও পরিচিতি: গোলক্রিমি থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। মর্জিনা বেগম বস্তিতে বাস করে। অজ্ঞতার কারণে তিনি তাঁর তিন বছরের শিশুটিকে তেমন যত্ন করে লালন-পালন করেন না। শিশুটি অপরিচ্ছন্ন হাতে পচা-বাসি যা পায়, তা-ই খায়। এ কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মর্জিনা বেগম চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে জানান, একধরনের অন্তঃপরজীবীর কারণে শিশুটির এ রোগ হয়েছে। তিনি আরও জানান, প্রতিরোধই এ রোগ নিয়ন্ত্রণের প্রধান উপায়।প্রশ্ন: ক. পরজীবী কী?প্রশ্ন: খ. গোলক্রিমির পরিপাকগ্রন্থি না থাকার কারণ কী?প্রশ্ন: গ. বর্ণিত অন্তঃপরজীবীর ভ্রূণ কীভাবে শিশুটির দেহে বৃদ্ধিপ্রাপ্ত হয়? বর্ণনা করো।প্রশ্ন: ঘ. ওই রোগটি নিয়ন্ত্রণ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ মূল্যায়ন করো।উত্তর: ক. পরজীবী: যেসব জীব অন্য জীবের ভেতর বা বাইরে সব সময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্টির জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে আশ্রয়দাতা জীবের ওপর নির্ভর করে, তাদের পরজীবী বলে।উত্তর: খ. পরিপাকগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে। এ ধরনের পরিপাকগ্রন্থি সাধারণত উন্নত প্রাণীতে দেখা যায়। গোলক্রিমি মানুষের অন্ত্রে অন্তঃপরজীবী হিসেবে বাস করে। এরা পোষকের দেহ হতে পরিপাককৃত খাদ্য শোষণ করে। তাই এদের খাদ্য পরিপাক করার প্রয়োজন হয় না। এ জন্য গোলক্রিমির কোনো পরিপাকগ্রন্থি থাকে না।উত্তর: গ. উদ্দীপকে বর্ণিত অন্তঃপরজীবীটি গোলক্রিমি। বায়ু, খাদ্য বা পানীয়ের মাধ্যমে গোলক্রিমির ডিম শিশুটির দেহে সরাসরি প্রবেশ করে। দেহে প্রবেশের পর ডিম পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্ত্রে পৌঁছানোর সাধারণত দুই ঘণ্টার মধ্যে ভ্রুনের নির্গমন ঘটে। ডিম অন্ত্রে প্রবেশের পর আন্ত্রিক রসে খোলস বিনষ্ট হয় ও লাভা খোলযুক্ত হয়। লাভাগুলো অন্ত্রগাত্র ভেদ করে লসিকা নালী বা রক্তের কৈশিক জালিকার মধ্যে প্রবেশ করে। রক্তের মাধ্যমে এরা বিভিন্ন অঙ্গে চলে যায়। এ সময় খুসখুসে কাশি হয়। লার্ভা কাশির সঙ্গে গলায় উঠে আসে। ঢোঁক গিলে ফেললে এরা পুনরায় অন্ত্রে চলে যায়। লার্ভা অন্ত্রে শেষবারের মতো খোলস ত্যাগ করে। এখানে এদের ভ্রাম্যমাণ জীবনের পরিসমাপ্তি ঘটে। অন্ত্রে অবস্থানকালে এরা পরিপাককৃত খাদ্যরস গ্রহণ করে পুষ্টিলাভ করে। কিছুদিনের মধ্যে লার্ভা পূর্ণাঙ্গ ক্রিমিতে পরিণত হয়। এভাবেই অন্তঃপরজীবীর (গোলক্রিমি) ভ্রূণ শিশুটির দেহে বৃদ্ধিপ্রাপ্ত হয়।উত্তর: ঘ. গোলক্রিমির সংক্রমণে শিশুটির অ্যাসকারিয়াসিস নামের রোগ হয়। গোলক্রিমির সংক্রমণ রোধের জন্য প্রথমে গোলক্রিমি দ্বারা আক্রান্ত রোগীকে শনাক্তকরণ, প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা অবলম্বন করা উচিত। এ রোগে আক্রান্ত হলে দৈহিক অসুস্থতা ও নানা রকম উপসর্গ দেখা দেয়। যেমন: পেট ফুলে ওঠে, বমি বমি ভাব হয়, ক্ষুধামন্দা দেখা দেয়, পেটে ব্যথা ও রক্তশূন্যতা দেখা দেয়। এসব লক্ষণ দেখা দিলে প্রতিকারের জন্য চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা নিতে হবে। কিন্তু রোগ দেখা দেওয়ার আগে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে রোগ নিয়ন্ত্রণ সম্ভব। যেমন—১। যেখানে-সেখানে মলত্যাগের অভ্যাস পরিহার করা এবং স্বাস্থ্যসম্মত পাকা পায়খানা ব্যবহার করা।২। কাঁচা ফলমূল ধুয়ে খাওয়া।৩। হাতের আঙুল পরিষ্কার রাখা ও হাতের নখ ছোট রাখা।৪। খাবার গ্রহণের আগে ও শৌচকাজের পর ভালোভাবে হাত ধোয়া।৫। ঠান্ডা ও পচা-বাসি খাবার গ্রহণ না করা।সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে প্রতিকারের চেয়ে প্রতিরোধব্যবস্থাই গোলক্রিমির সংক্রমণ রোধের প্রধান উপায়। তাই ওই রোগটি নিয়ন্ত্রণ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ যথার্থ ছিল।