সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ, ঢাকা সমাজবিজ্ঞানে ভালো ফল করতে হলে কিছু সাধারণ বিষয় মেনে চলতে হয়। শিক্ষার্থীকে ভালো ফল করতে হলে দরকার নিয়মিত অধ্যয়ন ও প্রচুর অনুশীলন। আমাদের শিক্ষার্থীরা কখনো কখনো না বুঝে মুখস্থ করার চেষ্টা করে। এতে বিচ্ছিন্নভাবে দু-একজনের ভালো ফল হতে পারে, কিন্তু এভাবে শিক্ষার্থীর বিকাশ হয় না। প্রকারান্তে চূড়ান্ত অর্জন কিছুই হয় না। তাই, নিয়মিত বুঝে পড়া এবং অনুশীলনের পাশাপাশি সমাজবিজ্ঞান বিষয়ে কীভাবে ভালো নম্বর পাওয়া যাবে, সে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা উপস্থাপন করছি। সমাজবিজ্ঞানের প্রত্যেক পত্রেই ১৩টি করে প্রশ্নের উত্তর দিতে হয়। পাঁচটি রচনামূলক এবং আটটি সংক্ষিপ্ত। রচনামূলক প্রশ্নের প্রতিটির মান ১২ ও সংক্ষিপ্ত প্রশ্নের প্রতিটির মান পাঁচ। প্রতিটি প্রশ্নেরই একটি করে বিকল্প প্রশ্ন থাকবে। বেশি নম্বর পেতে হলে কোন প্রশ্নটির উত্তর করতে হবে, তা নির্বাচনে পরীক্ষার্থীকে কৌশলী হতে হবে। কিছু কিছু রচনামূলক প্রশ্নের দুটি অংশ থাকে এবং এই দুই অংশের মান বণ্টন চার ও আট। এরূপ দুই অংশে বিভক্ত রচনামূলক প্রশ্নে তুলনামূলকভাবে বেশি নম্বর পাওয়া যায়। কেননা চার নম্বর থাকে সংজ্ঞায়। সঠিক উত্তর লিখতে পারলে চার এর মধ্যে চারই পাওয়া সম্ভব। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হিসেবে সাধারণত সমাজবিজ্ঞানে ব্যবহূত প্রত্যয়গুলোর সংজ্ঞা দিতে বলা হয়। এসব প্রশ্নে পাঁচের মধ্যে পাঁচ পাওয়া সম্ভব, যদি পরীক্ষার্থী কয়েকটি বিষয়ের প্রতি যত্নবান হয়। সেগুলো হলো—১। প্রশ্নটি বুঝতে হবে অর্থাত্ প্রশ্নটিতে ‘কী বোঝায়’ বলা হয়েছে, নাকি ‘কী বোঝ’ বলা হয়েছে ইত্যাদি সূক্ষ্ম বিষয়ের প্রতি লক্ষ করতে হবে। ‘বোঝায়’ কথাটির অর্থ হল বিশিষ্ট সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা চাওয়া হচ্ছে, আর ‘বোঝ’ কথাটির অর্থ হল বিশিষ্ট সমাজবিজ্ঞানীদের সংজ্ঞার পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীর নিজস্ব মতামত চাওয়া হচ্ছে।২। উদ্ধৃতি নির্ভুল হতে হবে। সমাজবিজ্ঞানীদের উদ্ধৃতি দিয়ে সংজ্ঞা লেখার ক্ষেত্রে বিজ্ঞানীর নাম শুদ্ধভাবে এবং উদ্ধৃতিটি হুবহু লিখতে হবে। ৩। যথোপযুক্ত উদাহরণ দিতে হবে। কোনো প্রত্যয়কে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে উদাহরণ অতীব জরুরি। কেননা উপযুক্ত উদাহরণ প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থী যে বিষয়টি আত্মস্থ করতে পেরেছে, তার প্রকাশ ঘটে। ৪। প্রয়োজনে বৈশিষ্ট্যাবলি লিখবে। যেহেতু সমাজবিজ্ঞানের সব বিষয় বিমূর্ত, তাই সংজ্ঞার পরিপ্রেক্ষিতে যদি বৈশিষ্ট্যাবলি চিহ্নিত করা হয়, তাহলে উত্তর হিসেবে ষোলকলা পূর্ণ হয়েছে বলা যায়। উপরের বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখলে সমাজবিজ্ঞানে ভালো নম্বর পাওয়া নিশ্চিত হবে। সর্বশেষে আবশ্যিকভাবে যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তা হলো সময়জ্ঞান। তিন ঘণ্টায় ১০০ নম্বরের উত্তর করতে হলে প্রতি নম্বরের উত্তর করতে সময় লাগে ১.৮ মিনিট। এ হিসাবে প্রতিটি বড় প্রশ্নের জন্যে ২১.৬ মিনিট ও প্রতিটি ছোট প্রশ্নের জন্য ৯ মিনিট পাবে। আমার পরামর্শ হলো, কিছু বড় প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর ২১ মিনিটে সম্পন্ন করা সম্ভব নয়। আবার কিছু ছোট প্রশ্ন থাকবে, যেগুলোর জন্য ৯ মিনিট প্রয়োজন নেই। শিক্ষার্থীকে এ ক্ষেত্রে সময় সমন্বয় করতে হবে ও সতর্ক থাকলে ভালো ফলাফল করা খুবই সম্ভব।